ক্লাব হকির ফাইনালে আবাহনী ও মেরিনার্স

আপডেট : ০১ মার্চ ২০২৪, ১৬:২৭

ক্লাব কাপ হকির টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার ইয়াংস এবং আবাহনী ফাইনালে খেলবে। আগামীকাল বিকাল ৫টায় ফাইনাল। বিদায় নিয়েছে মোহামেডান এবং ঊষা ক্রীড়া চক্র। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিকালে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে মেরিনার ৮-৪ গোলে হারিয়েছে ঊষা ক্রীড়া চক্রকে। একই মাঠে সন্ধ্যায় আবাহনী ৩-২ গোলে হারিয়েছে মোহামেডানকে।

মোহামেডান গোল হজম করে গোল শোধ করেছিল। ৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুলের গোলে এগিয়ে ছিল মোহামেডান। সেই গোল শোধ করেন আবাহনীর মিমো। রুম্মন সরকারের গোলে এগিয়ে যা আবাহনী। ৪৯ মিনিটে রুম্মন দ্বিতীয় গোল করেন, ৩-১। ৫৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক হতে মোহামেডানের নিউজিল্যান্ডের খেলোয়াড় চার্ল উলরিচ গোল করেন, ২-৩। 

ম্যাচ শেষের পথে। ৩-২ গোলে এগিয়ে আবাহনী। শেষ দিকে বাধল উত্তেজনা। মোহামেডানের আক্রমণ ঠেকাতে আবাহনীর ডিফেন্ডারের পায়ে বল লাগে। মোহামেডানের দাবী পেনাল্টি স্ট্রোক। এ নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছিল, ধাক্কাধাক্কি ছিল। পুলিশ মাঠে ঢুকেছিল। ম্যাচের আম্পায়ার শাহবাজ আলী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন লংবল আসার আগেই খেলা শেষ হয়ে যায়।

ইত্তেফাক/জেডএইচ