ঢাকার বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামে সাততলা ভবনে অগ্নিকাণ্ডে হবিগঞ্জের মাধবপুরের বিয়াংকা রায় (১৭) ও রুবি রায় (৪০) নামে মা ও মেয়ে নিহত হয়েছেন।
মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানেশ্বরপুর গ্রামের পোল্যান্ড প্রবাসী উত্তম কুমার রায়ের স্ত্রী রুবি রায় ও বিয়াংকা রায় তার কন্যা। বৃহস্পতিবার সন্ধ্যায় মা মেয়ে বেইলি রোডের গ্রিন কোজি কটেজের কাচ্চি ভাই রেস্তোরায় খাবার আনতে গিয়ে অগ্নিকাণ্ডে তারা নিহত হন।
উত্তম কুমার রায়ের ভাই বিষ্ণু রায় জানান, পোল্যান্ডের কুরিয়ার হুন্দাই কোম্পানিতে চাকরিকালীন সময়ে ফিলিপাইন নাগরিক রুবি রায়ের সঙ্গে পরিচয় সূত্রে ১৯৯৬ সালে উত্তম ও রুবি বিবাহবন্ধনে আবদ্ধ হয়। উত্তম কুমার রায় পোল্যান্ড চলে যাওয়ার পর রুবি রায় তার মেয়ে বিয়াংকা রায়কে নিয়ে ঢাকার মালিবাগে বসবাস করতেন। বিয়াংকা রায় ঢাকায় এ লেভেলে লেখাপড়া করতেন। খবর পেয়ে শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মা-মেয়ের লাশ পরিবারের পক্ষ থেকে শনাক্ত করা হয়েছে।
বিষ্ণু রায় বলেন, উত্তম কুমার রায়কে খবর দেওয়া হয়েছে। সে পোল্যান্ড থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।
শনিবার (২ মার্চ) স্ত্রী রুবি ও কন্যা বিয়াংকার লাশ নিয়ে মাধবপুরের বানেশ্বরপুর গ্রামের বাড়িতে আসবেন বলে জানিয়েছেন।
