চ্যাম্পিয়ন হওয়ার পর সাকিবের প্রশংসা করলেন তামিম

আপডেট : ০২ মার্চ ২০২৪, ১২:২৯

বিপিএলের শুরুতে চোখের সমস্যায় ব্যাটিংয়ে বেশ ভুগেছেন সাকিব আল হাসান। তবে বল হাতে ছিলেন সাবলীল। টুর্নামেন্টের মাঝপথে ব্যাট হাতেও ছন্দে ফিরেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তাই চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের চোখে আসরের অন্যতম সেরা পারফর্মার ছিলেন সাকিব।

বিপিলের দশম আসরের শিরোপা জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন তামিম। এবারের বিপিএলে সেরা পারফর্মার প্রসঙ্গে চ্যাম্পিয়ন অধিনায়ক বলেন, 'শরীফুল খুবই ভালো বোলিং করেছে। হৃদয় তো দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন। সে যখন রান করেছে, তখন দারুণ প্রভাববিস্তারী ছিল। সাকিব ভালো করেছে। ভালো শুরু হয়নি। তবে শেষের দিকে ভালো করেছে। তবে দুজনের নাম বললে হৃদয় আর শরীফুল।'

চ্যাম্পিয়ন হওয়া প্রসঙ্গে তামিম বলেন, 'অবশ্যই যেকোনো শিরোপা জেতা দারুণ ব্যাপার। তবে এবার একটু ভিন্ন কারণ ছিল। কারণ, আমাদের দলে এমন কয়েকজন ছিল, তরুণদের মধ্যে মিরাজ, সৌম্য বা অভিজ্ঞদের মধ্যে রিয়াদ ভাই, মুশফিক—ওরা লম্বা সময় ধরে দেশকে প্রতিনিধিত্ব করছে। কিন্তু ওরা এই (বিপিএল) ট্রফিটা কখনো পায়নি।' 

তিনি আরও বলেন, ‘আমি জানি মিরাজ, সৌম্য, তাইজুলদের সামনে অনেক সময় আছে অনেক ট্রফি জেতার। আমি জানি না রিয়াদ ভাই ও মুশফিক ভাই (কত দিন খেলবে)। যেভাবে তারা পারফর্ম করেছে, হয়তো চালিয়ে যাবে। অন্যদের মতো এত নয়। এই কারণে প্রেজেন্টেশনের সময় ওদের নিয়ে গিয়েছি। কারণ, তারা জেতার কাছাকাছি আগেও গিয়েছিল। এটা আসলে চ্যালেঞ্জ ছিল, তবে খুশি।’

ইত্তেফাক/জেডএইচ