বেইলি রোডে আগুনের ঘটনায় নরেন্দ্র মোদির শোক

আপডেট : ০২ মার্চ ২০২৪, ১৬:২০

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবন গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে তিনি শোক প্রকাশ করেন। এ দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেছেন মোদি।

চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী স্পষ্ট করেন, এই দুঃখের সময়ে ভারত বাংলাদেশের পাশে রয়েছে। একইসঙ্গে তার চিন্তাভাবনা, প্রার্থনাও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি থাকবে।

ছবি: আব্দুল গনি

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে রাজধানীর বেইলি রোডে বহুতল এ ভবনটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের প্রাণ গেছে। এছাড়া, হাসপাতালে চিকিৎসাধীন ৫ জনের অবস্থাও আশঙ্কাজনক।

ভবনটিতে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ছাড়াও স্যামসাংয়ের শোরুম, গ্যাজেট অ্যান্ড গিয়ার, ইলিন, খানাস ও পিৎজা ইনের আউটলেট ছিল। 

ইত্তেফাক/এবি