একটি সবুজ শহর গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ১০০০ জন দৌড়বিদ

আপডেট : ০২ মার্চ ২০২৪, ১৮:২২

সবুজ শহর গড়ে তোলার মাধ্যমে বায়ু দূষণ নিরসনের আহ্বান জানিয়ে হাতিরঝিলে ১০০০ দৌড়বিদ-দের নিয়ে বিওয়াইএলসি-এর ৭.৫ কিলোমিটার দৌড়ের আয়োজন।

দেশের প্রথম নেতৃত্ব প্রশিক্ষণের প্রতিষ্ঠান বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি), ০২ মার্চ ২০২৪, বায়ু দূষণ নিরসনের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সবুজ শহর গড়ে তোলার প্রচারের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় হাতিরঝিলে ৭.৫ কিলোমিটার দৌড়ের আয়োজন করে।

কিংডম অব নেদারল্যান্ডস দূতাবাস, বাংলাদেশ সমর্থিত, “বিওয়াইএলসি রানিং উইথ পারপাস ২০২৪: ফর এ গ্রীনার সিটি”– এই আয়োজনে, সমাজের বিভিন্ন স্তর থেকে আগত ১০০০ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন। এই দৌড় প্রতিযোগিতার মাধ্যমে কয়েকশ শিশু থেকে শুরু করে কিশোর, তরুন, ও প্রবীন ঢাকার হাতিরঝিলে একত্রিত হয়ে বর্তমান বায়ুদূষণ ও কার্বন নিঃসরণ হ্রাস করার গুরুত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন এবং এই লক্ষে দেশের নাগরিকদের আরও সচেতন হওয়ার আহবান জানান।

অনুষ্ঠানের প্রধান অতিথি  জনাব এম এ আখের, পরিচালক (পরিকল্পনা), যুব উন্নয়ন অধিদপ্তর, তার বক্তব্যে বিওয়াইএলসি কে দৌড় এর মাধ্যমে এমন একটি সচেতনতা মুলক আয়োজনের জন্য এবং সেই সাথে দেশের তরুণদের অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, “আপনাদের চেষ্টা আমাদের আগামী প্রজন্মের জন্য একটি উজ্জ্বল আগামী গড়তে অনুপ্রেরণাদায়ক এবং অপরিহার্য।”

আজ বিওয়াইএলসি রানিং উইথ পারপাস ২০২৪-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, বিওয়াইএলসি-এর প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ চেয়ারপার্সন ইজাজ আহমেদ বিশুদ্ধ বাতাস গ্রহণের অধিকারকে একটি প্রাথমিক ও মৌলিক প্রয়োজন হিসেবে চিহ্নিত করে তার গুরুত্বের ওপর জোর দেন। তিনি সাম্প্রতিক বছরগুলোতে ঢাকার বাতাসের গুণগতমানের দ্রুত অবনতির কথা উল্লেখ করে বলেন- ধারাবাহিকভাবে এটি বিশ্বের সবচেয়ে খারাপের তালিকায় উঠে আসছে। তিনি ঢাকার বায়ুর মান উন্নয়নের জন্য দায়িত্বশীলদের জবাবদিহি করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে একটি সবুজ শহর তৈরিতে সক্রিয়ভাবে অবদান রাখার জন্য সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর  টেকনিক্যাল জজ, মো. খোরশেদ আলম ও এই আয়োজনে বক্তব্য দেন। তিনি বিওয়াইএলসি কে এমন আয়োজনের মাধ্যমে দেশকে বসবাস যোগ্য করে তোলার প্রচেষ্টার জন্য সাধুবাদ জানান।

বিওয়াইএলসি এর নির্বাহী পরিচালক তাহসিনাহ আহামেদ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত সকল দৌড়বিদ, বিশেষ অতিথি এবং সহযোগী প্রতিষ্ঠান গুলোর উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করে আয়োজনটি শেষ করেন।

এই আয়োজনে জনপ্রিয় ফুড চেইন ইউনিমার্ট ও শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান প্রাভা হেলথ ফুড ও মেডিক্যাল সহযোগী হিসেবে ছিল। এছাড়াও নিরাপত্তা সহযোগী হিসেবে এলিট ফোর্স, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, হাতিরঝিল থানা এই আয়োজনে সর্বাত্মক সহযোগীতা করেছে।

গত একদশক এরও বেশি সময় ধরে বিওয়াইএলসি বিভিন্ন মাধ্যমের তরুণদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে, তাদেরকে প্রয়োজনীয় নেতৃত্ব প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সরকারি, বেসরকারি, ও বিভিন্ন নাগরিক খাতে কাজ করতে সক্ষম করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পনেরো বছরে তারা প্রায় ৭০০০ এর বেশি তরুণকে নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ আর ৩৭০০ (৫ বছরে) এর ও বেশি তরুণকে প্রফেশনাল প্রশিক্ষণ দিয়েছে।

ইত্তেফাক/এআই