ফল

আঁশফল

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১৯:৩৩

চল গেল লিচুর মৌসুম। এই সময় লিচুর মতো গ্রাম বাংলায় আঁশফল নামে এক ধরনের ফল দেখতে পাওয়া যায়। অনেকের কাছে এটি ‘কাঠলিচু’ বা ‘লংগান’ নামে পরিচিতি। এই ফল থোকায় থোকায় লিচুর মতোই ঝুলে থাকে গাছে। এটি দেখতেও অনেকটা লিচুর মতো গোলাকার। তবে আকারে ছোট এবং এর রসাল অংশ খুবই কম। এর বৈজ্ঞানিক নাম Nephelium Longana। এটি প্রধানত এশীয় অঞ্চলের গাছ।

বাংলাদেশে বিশেষ করে দক্ষিণাঞ্চলে এ গাছ দেখা যায়। গাছ ৮ থেকে ১০ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এ গাছের ঠান্ডা সহ্য করার ক্ষমতা কম। চাষের জন্য বিশেষ কোনো মাটির প্রয়োজন না হলেও দো-আঁশ মাটিতে এটি ভালো জন্মে। সাধারণত এপ্রিল-মে মাসে বীজ সংগ্রহ করতে হয়।

এ ফল লিচুর মতো সুস্বাদু নয়। পুষ্টিগুণ সমৃদ্ধ আঁশফলে রয়েছে প্রচুর শর্করা ও ভিটামিন সি। এই ফল উদারাময় নিবারক ও কৃমিনাশকে দারুণ কার্যকর। অনেকে এই ফলকে বলকারক হিসেবে মনে করে। ইদানীং বাণিজ্যিকভাবে এই ফলের চাষ শুরু হয়েছে।