মাস্তুল ফাউন্ডেশন এবং আল যাকাত সাদাকা ফাউন্ডেশন যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ‘যাকাত কনফারেন্স-২০২৪’। যাকাতের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সমাজের দরিদ্র মানুষের মধ্যে যাকাত বিতরণের ক্ষেত্রে একটি কার্যকর ব্যবস্থা তৈরি এবং যাকাতের অনুশীলন প্রচার করা এ কনফারেন্সের মূল লক্ষ্য।
সোমবার (৪ মার্চ) রাজধানীর প্যান প্যাসেফিক সোনারগাঁওয়ে এ অনুষ্ঠান আয়োজিত হবে।
সম্মেলনের প্রধান বিষয়বস্তু হিসেবে আলোচনা করা হবে- যাকাতের ফরজিয়ত ও গুরুত্ব, যাকাতের হিসাব ও পরিমাণ নির্ধারণ, যাকাতের আধুনিক প্রয়োগ, যাকাত বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা, যাকাত সংগ্রহ ও বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর জন্য কর্মশালা।
এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মসজিদ-উত-তাকওয়ার ইমাম ও খতিব শাইখ মুফতি সাইফুল ইসলাম, ইসলামিক স্কলার মুফতি ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহমুদ হাসান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের চেয়ারম্যান নিয়াজ রহিম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দিন আহমেদ, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের সিইও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, মুহাদ্দিস মাহমুদুল হাসান, ড. মু. মহিউদ্দিন আহ্মদ, এসডি খানসহ আরও অনেকে।
এছাড়াও সম্মেলনে দেশ-বিদেশের বিখ্যাত আলেম, সমাজসেবী এবং যাকাত বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন। তারা যাকাতের বিভিন্ন দিক সম্পর্কে বক্তব্য রাখবেন এবং যাকাত বিতরণের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আলোচনা করবেন।
সম্মেলনে যাকাত সংগ্রহ ও বিতরণের জন্য একটি কর্মশালা আয়োজন করা হবে। এই কর্মশালায় যাকাত সংগ্রহ ও বিতরণের ক্ষেত্রে সর্বোত্তম অনুশীলন নিয়ে আলোচনা করা হবে।
উল্লেখ্য, মাস্তুল ফাউন্ডেশন সরকার কর্তৃক নিবন্ধিত দাতব্য প্রতিষ্ঠান। মাস্তুলের প্রধান কাজের মধ্যে রয়েছে দাফন-কাফন সেবা প্রজেক্ট, নিজস্ব স্কুল, মাদ্রাসা এবং আশ্রয়কেন্দ্র। এছাড়াও রয়েছে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এর বাইরে যাকাত স্বাবলম্বী প্রজেক্টের মাধ্যমে ১০০০ জনের বেশি মানুষকে স্বাবলম্বী করা হয়েছে। রয়েছে বৃদ্ধ বাবা-মা দের জন্য মাস্তুল বৃদ্ধাশ্রম এবং মাস্তুল মেহমানখানা, যেখান থেকে শতাধিক অসহায় নিম্ন আয়ের মানুষের একবেলা খাওয়ার ব্যবস্থা হয়।

