এফ আর টাওয়ার

৬২ জনের বিরুদ্ধে রিপোর্ট দেওয়া হলেও সবার নামে মামলা হয়নি

সংসদে বললেন তৎকালীন গৃহায়ণ মন্ত্রী

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০২:৩০

২০১৯ সালে রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে ২৭ জনের মৃত্যু হয়। সে সময় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ছিলেন শ ম রেজাউল করিম। 

গতকাল শনিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে শ ম রেজাউল করিম বলেন, ‘এফআর টাওয়ারের ঘটনায় তদন্ত করে ৬২ জনের বিরুদ্ধে আমরা রিপোর্ট দিয়েছিলাম। দুর্ভাগ্য, সর্বোচ্চ পর্যায়ের একটি কমিটি রিপোর্ট দেওয়ার পরও সবার বিরুদ্ধে মামলা হয়নি। তারপর চার্জশিট দেওয়ার সময় অনেককে বাদ দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, আজকে পর্যন্ত সেই মামলার অভিযোগ গঠন পর্যন্ত হয়নি।’ 

সাবেক এই মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জে একটি ফ্যাক্টরিতে ৫২ জনকে পুড়িয়ে হত্যা করা হলো (২০২১ সালে)। সেই মামলার আসামিরা জেলে গেছেন। তবে সেই মামলায় আজ পর্যন্ত বিচার কার্যক্রম শুরু হয়নি। এরকম অনেক ঘটনা। 

তিনি বলেন, এই-জাতীয় অপরাধের সঙ্গে যারা জড়িত, প্রয়োজনে আইন পরিবর্তন ও স্পেশাল  ট্রাইব্যুনাল করে যদি তাদের বিচার করা হয়; তাহলে অন্যদের কাছেও একটা মেসেজ যাবে।

ইত্তেফাক/এমএএম