দীর্ঘদিন পর নতুন অ্যালবাম নিয়ে কণ্ঠশিল্পী জিন্নাহ খান

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ২০:৪৫

এক সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী জিন্নাহ খান। দীর্ঘদিনের প্রবাস জীবনের পর আবারো নতুন কিছু গান নিয়ে ফিরছেন তিনি। সাউন্ডটেক ও সঙ্গীতার ব্যানারে নিয়মিত অ্যালবাম ও ঢাকার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর ছিলেন জিন্নাহ খান। দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে আছেন তিনি যুক্তরাষ্ট্রের মিশিগানে। তবে সেখানে গিয়েও গান ছাড়েননি তিনি। গানের প্রতি গভীর অনুরাগ থেকেই গড়েছেন প্র্যাকটিস প্যাড ও সাউন্ড স্টুডিও  এবং স্থানীয় বাঙালিদের ভেতরে যাঁরা সংগীতপ্রেমী তাঁদের বিনামূল্যে তা ব্যবহারের সুযোগ দেন তিনি। এছাড়া সেখানে বিভিন্ন উত্সবেই নিয়মিত গান গাইছেন জিন্নাহ খান।

এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী জিন্নাহ খান বলেন, ‘আমার কাছে গানটা আরাধনার মতো। তাই পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, সেখানেই আমি গান করবো। গত কয়েকবছরে নিজের উপার্জনের সিংহভাগ অর্থ দিয়ে শুধু বিভিন্ন দামি ইন্সট্রুমেন্ট কিনেছি। আর এখন যেহেতু ইউটিউব প্লাটফর্মে গ্লোবালই গান রিলিজ দেওয়া যায়, তাই নিয়মিত গান প্রকাশের কথা ভাবছি। এ নিয়ে অফিসিয়ালি কিছু কাজও করে ফেলেছি। এছাড়া এখানে লাইভ অনুষ্ঠানও করছি নিয়মিত। আশার কথা হলো যুক্তরাষ্ট্রের মতো দেশেও বাঙালির ভেতরে একটি প্রজন্ম বাংলা গান নিয়ে দারুণ চর্চা করছেন। আমাদের ভেতরে প্রায়ই দেখা ও কথা হয় এবং বিভিন্ন স্টেটে আমরা যখন গান গাই তখন মূলত বুঝতে পারি দর্শকরা পুরোনো আধুনিক বাংলা গান সরাসরি শোনার জন্য কতটা আকুল হয়ে থাকেন। আমি তাই হারানো দিনের গানই বেশি করি।’

উল্লেখ্য, এরই ভেতরে প্রখ্যাত ৩ জন সংগীত পরিচালকের নির্দেশনায় নতুন অ্যালবামের কাজে হাত দিয়েছেন জিন্নাহ খান। শুধু নিজের গানই নয়, বরং প্রবাসী প্রতিভাবান কণ্ঠশিল্পীকেও প্রমোট করছেন তিনি। এরই ভেতরে রাব্বী নামের এক মেধাবী গায়ককে তিনি ফিচার করেছেন। খুব শিগগিরই তাঁর অ্যালবামও প্রকাশ পাবে।