বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ

‘একে অপরের প্রতি বিশ্বাস রাখা গুরুত্বপূর্ণ’

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১২:২৫

পূর্ণাঙ্গ সফরে গেল পহেলা মার্চ বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা দল। এই সফরটি শুরু হবে আজ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দিয়ে। আর এই সিরিজ দিয়েই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা সাজাতে চান টাইগাররা। গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটি জানিয়েছেন বাংলাদেশ দলের তিন ফরম্যাটের নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আজ সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে শান্তবাহিনী। আর এই ম্যাচ থেকেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পরিকল্পনা শুরু করবেন তারা। এ বিষয়ে শান্ত বলেন, ‘বিশ্বকাপে যাওয়ার আগে আমার মনে হয় আটটা কিংবা এগারোটা ম্যাচ আমরা খেলব। তো এই ম্যাচগুলো যদি আমরা উপযুক্ত পরিকল্পনা করে বিশ্বকাপে আমরা কীভাবে খেলতে চাই ঐ জিনিসগুলো যদি এখানে থেকে গুছিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমার কাছে মনে হয় ওয়ার্ল্ডকাপের জন্য পরিকল্পনা করাটা অথবা খেলাটা তুলনামূলকভাবে সহজ হবে।’

গেল বছর ভারতে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের খুবই বাজেভাবে ব্যর্থ হয়ে ফিরতে হয়। বড় স্বপ্ন নিয়ে টুর্নামেন্টটিতে গেলেও ৯ ম্যাচের মধ্যে মাত্র দুটি জয় নিয়ে শূন্য হাতেই দেশে ফিরতে হয় শান্ত-লিটনদের। তবে পরবর্তীতে দেশের মাটিতে এবং নিউজিল্যান্ডের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলে বাজে সময় কাটিয়ে ঘুরে দাঁড়াবার চেষ্টা করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আর এ কাজে শান্তর নেতৃত্বে বেশ সফলও হয়েছে তারা। 

টাইগারদের বর্তমান লক্ষ্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। ঐ আসরে ভালো করতে দলের কি ধরনের প্রস্তুতি নিতে হবে এ বিষয়ে নয়া অধিনায়ক বলেন, ‘দল হিসেবে খেলাটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা শেষ বছরটা দেখি, প্রত্যেকটা খেলোয়াড়ই কন্ট্রিবিউশন ছিল সব ম্যাচে। তো এই জিনিসটা আমরা আরও বেশি চালিয়ে যেতে চাই এবং একে অপরের প্রতি কতটুকু বিশ্বাস রাখছি ঐ জিনিসটা গুরুত্বপূর্ণ তো সেটা যদি আমরা গ্রো করতে পারি আস্তে আস্তে তাহলে আমার মনে হয় সামনের দিনগুলোতে আরও ভালো ক্রিকেট খেলব।’

এর আগে এই সিরিজের জন্য সপ্তাহ দুয়েক আগে বিসিবি ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল যেখানে নতুন মুখ হিসেবে ছিলেন আলিস আল ইসলাম। তবে সিরিজ শুরুর আগের দিনই জানা গেলো তার জাতীয় দলে অভিষেক হতে আরও অপেক্ষা বাড়ছে। অর্থাৎ আঙুলের চোটে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগেই ছিটকে গিয়েছেন রহস্য স্পিনার। তার স্থানে দলে ডাক পায় উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি। এ

কজন বোলারের পরিবর্তে ব্যাটার দলে যুক্ত করার প্রসঙ্গে শান্ত বলেন, ‘আমাদের (স্কোয়াডে) যথেষ্ট স্পিন অপশন আছে। রিশাদ খুবই ভালো বল করছে এবং তাইজুল ভাই আছেন তো ব্যাটসম্যান নেওয়া....জাকের আলিকে নেওয়ার পেছনে একটাই কারণ যে, আমাদের কোচিং, স্টাফ সিলেক্টর, সবার কাছেই মনে হয়েছে যে আমাদের মিডল অর্ডারে আরেক জন ব্যাটার প্রয়োজন। তো সে কারণেই জাকের আলিকে যুক্ত করা হয়েছে।’

এদিকে সদ্য শেষ হওয়া বিপিএলের মধ্য পথেই ফরচুন বরিশালের শিবিরে যোগ দিয়ে দারুণ পারফরম্যান্স করেছেন টাইগার পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। ফ্রাঞ্চাইজিটিকে প্রথম শিরোপা জেতাতেও ব্যাটে-বলে বড় অবদান রেখেছেন তিনি। তবে এমন পারফরম্যান্সের পরও শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়নি তার নাম। তবে ঝুঁকি এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শান্ত।

তিনি বলেন, ‘সাইফুদ্দিনের ব্যাপারটা হয়েছে যে, খুবই ভালো খেলেছে ইনজুরি থেকে আসার পরে, আমার মনে হয় ভালো কামব্যাক করেছে। কিন্তু এত বড় ইনজুরি থেকে আসার পরে সরাসরি এমন একটা সিরিজ খেলাটা আমাদের কাছে এবং ফিজিও, ট্রেইনার যারাই ছিলেন মনে হয়েছে যে ওর (সাইফুদ্দিন) জন্য ঝুঁকিপূর্ণ হবে। তো আসা করছি ও যদি এভাবে চালিয়ে যেতে থাকে, সামনে ডিপিএল আছে যদি ভালো করে অবশ্যই সুযোগ আসবে।’

ইত্তেফাক/জেডএইচ