ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোট পান নিউজিল্যান্ডের ব্যাটার ডেভন কনওয়ে। বাঁ হাতের বুড়ো আঙুলে চিড় ধরা পড়ায় অস্ত্রোপচার করাতে হবে তার। যার ফলে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকবেন এই কিউই ওপেনার। যা বড় দুঃসংবাদ আইপিএলের ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের জন্য।
সোমবার (৪ মার্চ) নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড নিশ্চিত করেছেন যে, কনওয়ের আঙুলে ছোট একটি চিড় ধরা পড়েছে। ফলে অস্ত্রোপচার করানো হবে তার। কিউই এই ব্যাটারের সেরে উঠতে সময় লাগবে অন্তত আট সপ্তাহ।
আর তাই আগামী আইপিএলের প্রায় অর্ধেকটা থেকে ছিটকে যেতে হবে কনওয়েকে। মে মাসের আগে তাকে পাবে না প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই। তবে আশা করা হচ্ছে, জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিনি পুরো ফিট হয়ে উঠবেন।
