বেইলি রোডে রাজউকের অভিযান, নবাবী ভোজ সুলতান'ন ডাইনসহ কয়েকটি রেস্তোরাঁ সিলগালা

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ২০:২১

বেইলি রোডের অভিজাত রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযান শেষে কয়েকটি রেস্তোরাঁটি সিলগালা করে দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে নবাবী ভোজ (উত্তর), নবাবী ভোজ (দক্ষিণ), পিজা মাস্তান, রোস্টার ক্যাফে, সুলতান'স ডাইন, সিলক্স রেস্তোরাঁকে সিলগালা করা হয়। চারটি ভবন মালিকদের মোট পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানটি পরিচালনা করেন রাজউকের পরিচালক জোন-৭ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনির হোসেন হাওলাদার।

অভিযানের শুরুতে দেখা যায়, রেস্টুরেন্ট বন্ধ। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ একটি নোটিশে জানায়, গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে সংগঠিত ভয়াবহ দুর্ঘটনা আমলে নিয়ে যথাযথভাবে জরুরিভিত্তিতে সঠিকভাবে সংস্কারের কাজ চালু থাকায় সাময়িক সময়ের জন্য রেস্টুরেন্ট বন্ধ থাকবে। এজন্য সবার নিকট আমরা দুঃখিত। এরপর কয়েকটি বন্ধ রেস্টুরেন্টটি সাময়িক সময়ের জন্য সিলগালা করে দেয় রাজউক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এই রেস্টুরেন্টগুলোতে নিয়মের ব্যতয় পাওয়ায় সিলগালা করে দেয়া হয়।

তবে স্থানীয়রা ব্যবসায়ীরা অভিযোগ করেন, রেস্তোরাঁ রাজউকের টিম এসে সিলগালা করে দেয়। তারা ব্যবসা করার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স নিয়েছেন। সিটি কর্পোরেশনের লোকজন ট্রেড লাইসেন্স দেওয়া সময় বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে ট্রেড লাইসেন্স প্রদান করে। কিন্তু রাজউক এর নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দোকান সিলগালা করে দেয়া হয়।

রাজউক জোন-৬ এর পরিচালক সালেহ আহমদ জাকারিয়া বলেন, রাজউকের কর্মপরিধি অনুযায়ী তারা নোটিশ জারি ও সতর্ক করেছে। ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য যেহেতু ট্রেড লাইসেন্স ইস্যুটি অন্য সংস্থার। তবে ভবনের ব্যবসায়িত ট্রেড লাইসেন্সসহ অন্যান্য সংস্থার কাগজ থাকলেও রাজউকের কাছ থেকে ব্যবহার জনিত (অকুপেন্সি) সনদ নেয়নি ভবন মালিকরা।

ইত্তেফাক/কেকে