চীনের সঙ্গে ‘সামরিক সহায়তা’ চুক্তি করেছে মালদ্বীপ। দেশটি থেকে ভারতীয় সেনাদের চলে যাওয়ার নির্দেশ দেওয়ার পর চীনের সঙ্গে এ চুক্তি সই করল তারা। মঙ্গলবার (৫ মার্চ) কর্মকর্তারা এ তথ্য জানান।
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু সম্প্রতি দেশ থেকে ভারতীয় সেনাদের চলে যাওয়ার নির্দেশ দেন। সে অনুযায়ী ১০ মের মধ্যে ৮৯ জনের মতো ভারতীয় সেনার দেশটি ত্যাগ করার কথা রয়েছে। ভারতবিরোধী অবস্থান গ্রহণ করে গত বছর মালদ্বীপে ক্ষমতায় আসেন মোহামেদ মুইজ্জু।
মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করে তুলতে এই চুক্তি। তবে সামরিক ক্ষেত্রে মালদ্বীপকে ঠিক কীভাবে সাহায্য করবে চীন, সেই নিয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দুই দেশের মধ্যে ‘শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক’ আরও জোরদার করার লক্ষ্যে এ চুক্তি সই করা হয়েছে।
ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি ও ভৌগোলিকভাবে এ অঞ্চলের বিশেষ গুরুত্বপূর্ণ দেশ মালদ্বীপ এবং এর প্রতিবেশী শ্রীলঙ্কায় বেইজিংয়ের প্রভাবে সন্দিহান নয়াদিল্লি।
রাজধানী মালের উত্তরে গতকাল এক জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রেসিডেন্ট মুইজ্জু জোর দিয়ে বলেন, মালদ্বীপের মাটিতে ১০ মের পর আর কোনো ভারতের সেনা থাকতে পারবে না। তার এ কথার পরিপ্রেক্ষিতে ওই সময়ের মধ্যেই দেশটি থেকে ভারতীয় সেনাদের প্রত্যাহার পুরোপুরি সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে।
