জয়সওয়ালের অপেক্ষা ১২০ রানের

ধর্মশালায় ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট আজ শুরু

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১১:৫৩

প্রায় ৫৩টি বসন্ত পার হওয়ার পরে ভারতের ক্রিকেট ইতিহাসে একটি নতুন রেকর্ড হাতছানি দিচ্ছে। এতদিন দেশটির কিংবদন্তি সুনীল গাভাস্কার যে রেকর্ড কেবলই নিজের নামের পাশে সযত্নে আগলে রেখেছিলেন, সেটি এখন হাতছাড়া হওয়ার দ্বারপ্রান্তে। ২২ বছর বয়সী এক আগন্তুক চোখ রাঙানি দিচ্ছেন গাভাস্কারের রেকর্ডের দিকে চেয়ে। ব্যবধান ঘোচাতে সেই আগন্তুকের প্রয়োজন কেবল ১২০ রান। 

ভারতের উদীয়মান সেই আগন্তুক বা তারকা আর কেউ নন, তার নাম যশস্বী জয়সওয়াল। ক্রিকেট ভক্তদের এই নাম ইতিমধ্যে প্রায় মুখস্ত হয়ে গেছে। কারণ ঘরের মাটিতে টেস্ট সিরিজ খেলতে নেমে এই ক্রিকেটার যে তাণ্ডব শুরু করেছেন, তাতে একের পর এক রেকর্ড তৈরি হচ্ছে।

আজ ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের জন্য হয় তো সব থেকে বেশি অপেক্ষা করেছেন জয়সওয়াল। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুনীল গাভাস্কার ৮ ইনিংসে ৭৭৪ রান করেছিলেন। এর মধ্যে সর্বোচ্চ ছিল ২২০ রানের ইনিংস। উইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের সেই সিরিজে ৪টি সেঞ্চুরি করেছিলেন কিংবদন্তি গাভাস্কার। 

এতদিন তার ঐ এক সিরিজে করা রান ভারতীয় কোনো ব্যাটসম্যান টপকাতে পারেননি। তবে এবার প্রায়ই ছুঁয়ে ফেলেছেন জয়সওয়াল। ইংলিশদের বিপক্ষে বাকি থাকা এই ম্যাচটি দিয়ে যদি ১২০ রান করতে পারেন, তাহলেই ৫৩ বছর পরে এসে নতুন করে ভারত পুরোনো রেকর্ডের দিকে তাকাতে বাধ্য হবে। সেখানে খোদাই করা হবে জয়সওয়ালের নাম।

এতদিন পরে পুরোনো সেই রেকর্ডে তাকাতে বাধ্য করেছেন যেই তারকা, তিনি হয়তো অল্পতে শান্ত হবেন না। ইংল্যান্ডের বিপক্ষে ৮ ইনিংস খেলে ২ সেঞ্চুরি ও এক ইনিংসে অপরাজিত ২১৪ রান দিয়ে সর্বমোট ৬৫৫ রান করেছেন। আর ৩৮ রান করলেই ৮ বছর আগে অজিদের বিপক্ষের সিরিজে করা বিরাট কোহলির ৬৯২ রানকেও টপকে যাবেন জয়সওয়াল। তবে তার চোখে নিচে নয়, টেবিলের শীর্ষে। সেজন্য অপেক্ষা ১২০ রানের।

এ দিকে ৬৫৫ রান দিয়ে ইতোমধ্যে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রান করা ভারতীয় ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন বাঁহাতি ওপেনার জয়সওয়াল। অবশ্য সেটি এককভাবে নয়, সঙ্গে রয়েছেন বিরাট কোহলি। তবে ইংলিশদের বিপক্ষে আর ১ রান করলেই এই রেকর্ড এককভাবে জয়সওয়ালের হবে। এই রাস্তা পাড়ি দিতে জয়সওয়াল পার করেছেন রাহুল দ্রাবিড়, বিজয় মঞ্জরেকরদের মতো কিংবদন্তিদের। 

এবারের এই সিরিজ দিয়ে জয়সওয়াল ইতোমধ্যে আইসিসির ফেব্রুয়ারি মাসসেরার তালিকায় জায়গা করে নিয়েছেন। সুনীল গাভাস্কারকে ছাড়িয়ে যেতে পারলে হয়তো মাসসেরা হিসেবে তার নামই ঘোষণা হতে পারে, সেই সম্ভাবনাই বেশি। শুধু দরকার সময়ের অপেক্ষা। অন্যদিকে রবিচন্দ্রন অশ্বিন ও জনি বেয়ারস্টোর জন্যও ধর্মশালার টেস্টটি বিশেষ মাইলফলকের। দুজনেই শততম টেস্টে খেলার তকমা গায়ে জড়ালেন। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে ইতিমধ্যে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। অর্থাৎ সিরিজ নিশ্চিত করেছে রোহিত শর্মাদের দল। এবার শেষ ম্যাচটি জিতে তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আরো কিছুটা এগিয়ে থাকতে চান। একই চাওয়া রয়েছে বেন স্টোকসদেরও।

টেস্ট সিরিজে ভারতীয়দের সর্বোচ্চ রান

নাম                         রান            সাল             প্রতিপক্ষ

সুনীল গাভাস্কার          ৭৭৪         ১৯৭১          ওয়েস্ট ইন্ডিজ

বিরাট কোহলি            ৬৯২         ২০১৬          অস্ট্রেলিয়া

যশস্বী জয়সওয়াল*       ৬৫৫         ২০২৪           ইংল্যান্ড

দিলীপ সরদেশাই          ৬৪২           ১৯৭১       ওয়েস্ট ইন্ডিজ

রাহুল দ্রাবিড়              ৬১৯           ২০০৪         অস্ট্রেলিয়া

ইত্তেফাক/জেডএইচ