কুষ্টিয়ায় মাদক মামলায় বাসচালক, সুপারভাইজার ও হেলপারসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করেছে আদালত।
বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—বাসচালক সোহেল রানা, সুপারভাইজার ঠান্ডু ও হেলপার সাগর।
পুলিশ ও আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর র্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের আভিযানিক দল চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে টুলবক্সের ভেতরে দুইটি প্যাকেট মোড়ানো এক কেজি হেরোইন উদ্ধার করে। পরবর্তীকালে র্যাব-১২ কুষ্টিয়ার তত্কালীন ডিএডি আব্দুল রশিদ বাসের ড্রাইভার সোহেল রানা, সুপারভাইজার ঠান্ডু ও হেলপার সাগরকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
