একসময় বলিউডের নির্মাতা সাজিদ খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর একের পর এক প্রকাশ্যে আসে যৌন হয়রানি নিয়ে নানা ঘটনা উঠে এসেছিল। এ তালিকায় নাম আসে বলিউডের একাধিক পরিচালক, প্রযোজক, সংগীত পরিচালকের। তবে জানা যায়, সেই কাস্টিং কাউচের শিকার শুধু অভিনেত্রীরা নন, অভিনেতারাও হয়ে থাকেন। বলিউডে কাস্টিং কাউচ এর মত ‘ভয়ংকর অভিজ্ঞতা’ রয়েছে অভিনেতা রণবীর সিং-এরও!
এবিপিলাইভ এর খবর অনুযায়ী, এক সাক্ষাৎকারে সেই রকম কিছু তিক্ত অভিজ্ঞতার কথা ভাগাভাগি করেছিলেন রণবীর সিং। হিন্দি সিনেমায় অভিষেকের আগে তিন বছর ধরে সংগ্রাম করেছিলেন তিনি। সে সময়ই শিকার হয়েছিলেন যৌন হয়রানির।
তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে রণবীর বলেছিলেন, ‘বলিউডে কাস্টিং কাউচ শুধু নায়িকাদের ক্ষেত্রেই নয়, নায়কদের ক্ষেত্রেও হয়ে থাকে। এক প্রযোজক তাকে বাড়িতে ডেকে তার গায়ে বাড়ির পোষ্য কুকুরকে ছেড়ে দেন শুধু মজা পাওয়ার জন্য।
এখানেই শেষ নয়, আরেকবার এক প্রযোজক তাকে প্রাইভেট পার্টিতে ডাকেন। পার্টির মাঝে তাকে নিয়ে যান এক নিভৃত স্থানে।
সেখানেই তাকে জিজ্ঞেস করেন হার্ড ওয়ার্ক নাকি স্মার্টনেস কোনটা তার পছন্দ। এককথায় রণবীর উত্তর দেন তিনি হার্ড ওয়ার্কার। কিন্তু ওই ব্যক্তি তাকে আপত্তিকর প্রস্তাব দেন।’ সাক্ষাৎকারে রণবীর জানান, এসব অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছেন তিনি। চেষ্টা করেছেন পরে তা কাজে লাগানোর।
মণীশ শর্মার ‘ব্যান্ড বাজা বারাত’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় রণবীর সিংয়ের। সিনেমাটিতে তার বিপরীতে ছিলেন আনুশকা শর্মা।
