জিম্বাবুয়ে ক্রিকেটের ডিরেক্টর পদ ছাড়লেন মাসাকাদজা

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ১৭:৫১

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দল উঠতে ব্যর্থ হওয়ায় জিম্বাবুয়ে ক্রিকেটের ডিরেক্টর পদ ছাড়লেন হ্যামিল্টন মাসাকাদজা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ২০১৯ সালের অক্টোবরে এই পদে নিযুক্ত হন মাসাকাদজা।

এর আগে গত নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ব্যর্থ হয় জিম্বাবুয়ে। নামিবিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে হেরে হোঁচট খায় দলটি, এরপর হারে উগান্ডার কাছেও। শেষ পর্যন্ত আফ্রিকান অঞ্চল থেকে আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া বিশ্বকাপে খেলার সুযোগ পায় নামিবিয়া ও উগান্ডা।

পদত্যাগপত্রে মাসাকাদজা লিখেছেন, ‘আমাদের ক্রিকেট ও আমার দায়িত্বের সাফল্য এবং ব্যর্থতা বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছি। আমার দায়িত্বকালে অনেক উন্নতি আছে। তবে উগান্ডার কাছে অপ্রত্যাশিত হারের পর একমাত্র পূর্ণ সদস্য হিসেবে পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারছি না। আমার ক্যারিয়ারে এটি সবচেয়ে বাজে মুহূর্ত, ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে এর পূর্ণ দায় নিচ্ছি।’

সিদ্ধান্তটা বেশ কঠিন ছিল। জিম্বাবুয়ে ক্রিকেটের প্রতি আমি পুরোপুরি দায়বদ্ধ থাকব। ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের পথে আমি ভিন্ন কোনো উপায়ে কাজ করতেও আগ্রহী, বলেন মাসাকাদজা।

মাসাকাদজার সময়টাকে কেবল ব্যর্থতায় বন্দি করলেও হচ্ছে না। তার সময়ে বেশ কিছু পরিবর্তন আসে বোর্ডে। তিনি ন্যাশনাল প্রিমিয়ার লিগ, জিম আফ্রো টি-টেন লিগের পাশাপাশি মেয়েদের আঞ্চলিক টুর্নামেন্ট, ৫০ ও ২০ ওভারের কাপ চালু করেছেন।

ইত্তেফাক/এবি