কক্সবাজারে হোটেল থেকে ভুয়া কারাপরিদর্শক দম্পতি আটক

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ২১:৪৯

কক্সবাজার সৈকতের হোটেল সী ক্রাউন থেকে ভুয়া কারাপরিদর্শক এক দম্পতিকে আটক করে পুলিশে দিয়েছে জেলা কারাগার কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করে থানায় নেওয়া হলেও সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মামলা কিংবা অন্যকোনো সিদ্ধান্ত হয়নি। হোটেলের বিল পরিশোধে তালবাহানা করে নিজেদের সিনিয়র কারাপরিদর্শক হিসেবে জাহির করায় জেলা কারাগারের জেল সুপার বজলুর রশীদ আখন্দের মুখোমুখি করা হয়। নানা জিজ্ঞাসাবাদের পর তারা ভুয়া বলে স্বীকার করায় কক্সবাজার সদর থানা পুলিশে সোপর্দ করা হয়। আটককৃতরা হলো—রিয়াদ বিন সেলিম ও তার স্ত্রী শাহনাজ পারভীন মায়া। রিয়াদ চট্টগ্রামের পটিয়া পৌরসভার পাইকপাড়ার তোফেল আলী মুন্সী বাড়ির মো. সেলিম উদ্দিনের ছেলে।

কক্সবাজার সদর থানার ওসি (অপারেশন) মোহাম্মদ ইয়াছিন জানান, আটক দম্পতির স্বজনরা বিল পরিশোধের ব্যাপারে হোটেল কর্তৃপক্ষ ও পুলিশের সঙ্গে যোগাযোগ করছেন।

সদর মডেল থানার ওসি (অপারেশন) মোহাম্মদ ইয়াছিন জানান, রিয়াদ-মায়া দম্পতি সিনিয়র কারাপরিদর্শকের ভুয়া পরিচয়ে হোটেলে ১৩ দিন অবস্থান করছেন। বিষয়টি খুবই সন্দেহের। এর পেছনে মাদকের কোনো সংশ্লিষ্টতা আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

ইয়াবা মামলায় যুবকের পাঁচ বছরের জেল

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক যুবককে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে কক্সবাজারের একটি আদালত। জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ-১ সৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন এ রায় ঘোষণা করেন। 

যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের এপিপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন। দণ্ডিত মো. সিদ্দিক চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেহেল বটতলী গ্রামের আবু সুফিয়ানের ছেলে।