হাসারাঙ্গাদের বিপক্ষে ইতিহাস গড়ার হাতছানি

বাংলাদেশের লক্ষ্য 'মিশন হেক্সা'

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৩:০১

'মিশন হেক্সা'র সঙ্গে ক্রীড়ামোদি বাঙালির সম্পর্ক দীর্ঘদিনের। ফুটবলে পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের ষষ্ঠ শিরোপার মিশনকে 'মিশন হেক্সা' বলেই চেনেন সকলে। তবে সেটি প্রাসঙ্গিকভাবে ক্রিকেটেও ব্যবহার করা হয়। এবার বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এই হেক্সা মিশন সামনে এসেছে।

২০২২ সালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে টি-টোয়েন্টিতে এই মিশন শুরু করেছিল লাল-সবুজের দল। এরপরে আরো তিনটি দ্বিপাক্ষিক সিরিজে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

নিউজিল্যান্ড সিরিজে ড্র করায় পরপর মোট পাঁচটি সিরিজে অপরাজিত রয়েছে লাল-সবুজের দল। তাতে এবার শ্রীলঙ্কাকে হারিয়ে টানা ছয়টি সিরিজ অপরাজিত থাকার সুযোগ টাইগারদের সামনে। সেই লক্ষ্যে আজ বিকাল সাড়ে তিনটায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

এই সিরিজের প্রথম ম্যাচটি দুর্ভাগ্যজনকভাবে মাত্র ৩ রানে হেরে গিয়েছিল নাজমুল হোসেন শান্তর দল। তবে সেই ম্যাচটি হারলেও মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলি অনিকের রাজকীয় ব্যাটিং মন কেড়েছিল ভক্তদের। নিজেদের ফর্মের ধারাবাহিকতা রেখে শান্ত বাহিনী দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে সমতা টানে।

কিন্তু এবার টাইগারদের সামনে কঠিন পরীক্ষা। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনাল হয়ে কিছুটা চাপ তৈরি করেছে, যেখানে লঙ্কান ডেরায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। লায়নদের নিয়মিত এই অধিনায়ক ও সেরা অলরাউন্ডার দলে ফেরায় আরো চাপ তৈরি হয়েছে স্বাগতিকদের। তবে সেটিকে চাপ মনে করছেন না টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত।

তিনি বলেছেন, 'দুইটা ম্যাচ আমরা যেভাবে খেলেছি, আমরা অবশ্যই আশা করতে পারি যে, সিরিজটা আমাদেরই হবে। কিন্তু টি-টোয়েন্টিতে নির্দিষ্ট দিনে যারা ভালো ক্রিকেট খেলবে, তারাই জিতবে। আমরা নতুন ও ভালো পরিকল্পনা নিয়ে চেষ্টা করব খেলাটা আমাদের দিকে রাখার।'

বাংলাদেশের জার্সিতে শিষ্যরা যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে সিরিজ নিয়ে প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহেও আশাবাদী। তিনি বলেছেন, 'আমরা যে অবস্থানে আছি এখান থেকে সিরিজ জেতা সম্ভব। আর ম্যাচটা যেহেতু দিনে হবে, সেহেতু আমাদের ভিন্নরকম পরিকল্পনা থাকবে। দিনের খেলার জন্য কিছু বিষয় বিবেচনাতেও রাখতে হবে। সেগুলো যদি মাঠে বাস্তবায়ন করা যায় ম্যাচটা জিততে পারি।'

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত চারটি টি- টোয়েন্টি সিরিজ খেললেও কোনোটিতে জিততে পারেনি বাংলাদেশ। তাতে আজকের ম্যাচটি জিততে পারলে দেশটির বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের রেকর্ড গড়বে লাল-সবুজের প্রতিনিধিরা।

২০১৩ সালে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা। সেই ম্যাচটিতে ১৭ রানে জিতেছিল স্বাগতিক শ্রীলঙ্কা। এরপরের বছরে চট্টগ্রামে দুদল আবারও সিরিজ খেলতে নেমেছিল। যেখানে ২-০ ব্যবধানে হেরেছিল টাইগার বাহিনী। ২০১৭ সালের সিরিজটি ড্র হলেও সবশেষ খেলা টি-টোয়েন্টি সিরিজে আবারও ২-০ তে হেরে যায় বাংলাদেশ। সেটি হয়েছিল ২০১৮ সালে। তাতে প্রায় ৬ বছর পরে পঞ্চম বারের মতো টি-টোয়েন্টি সিরিজে নেমে জয়ের আশায় বুক বেঁধেছে টাইগার বাহিনী।

সংযুক্ত আরব আমিরাত (২-০), ইংল্যান্ড (৩-০), আয়ারল্যান্ড (২-১) ও আফগানিস্তানকে (২-০) হারিয়ে আসা বাংলাদেশ এখন শ্রীলঙ্কাকে হারাতে পারলে শুধু ষষ্ঠবারের মতো অপরাজিত নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বেশ ভালো একটি অবস্থানও তৈরি করতে পারবে। আজকের ম্যাচে তিন পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম বাংলাদেশের ট্রাম্পকার্ড হয়ে উঠতে পারেন।

তবে হাসারাঙ্গদের বিপক্ষে টাইগারদের ব্যাটিং লাইনআপও চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। সবকিছু নিয়ে ভেবেছেন বাংলাদেশের হেডমাস্টার হাথুরুসিংহে। তিনি বলেছেন, 'গত ম্যাচটি আমরা ঠিকঠাক খেলেছি। বোলিং-ব্যাটিং দুই বিভাগেই সকলেই ভালো করতে পেরেছে। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো, প্রথম ম্যাচের হার থেকে আমরা কতটা শিখলাম। প্রথম ম্যাচে দুই দলের ক্ষেত্রেই শিশির প্রভাব ফেলেছে। সেখান থেকে বোলাররা শিখতে পেরেছে এমন পিচে শিশির থাকাকালে কীভাবে বল করতে হবে। গত ম্যাচে ব্যাটাররা যেভাবে পাওয়ার প্লে কাজে লাগিয়েছে, এটা দেখা অনেক স্বস্তির। আশা করছি পরের ম্যাচেও আমাদের যে পরিকল্পনা রয়েছে, সেটি কাজে লাগিয়ে আমরা ইতিহাস গড়তে পারব।'

অঘোষিত ফাইনালে নামার আগে বেশ স্বস্তিতে রয়েছেন নাজমুল হাসান শান্ত। তার ব্যাটও হাসছে। আজকের ম্যাচে নামার আগে শান্ত বলেছেন, 'চেষ্টা করি প্রতিদিনই ভালো করার। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভালো হয়েছে, বিপিএলটা ভালো যায়নি। কী ভুল করেছি, সেটা নিয়ে কাজ করেছি, এখনো করছি। সামনে যদি ধারাবাহিকতা ধরে রাখতে পারি তাহলে দলের জন্য সেটি ভালো হবে।'

ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে বাউন্ডারি এবং ওভারবাউন্ডারির গুরুত্ব অনেক। কিন্তু সদ্য শেষ হওয়া বিপিএলে ছক্কা হাঁকাতে পারেননি টাইগার কাপ্তান। তবে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সেই ছক্কাখরা কাটিয়ে তিনি বলেছেন, 'অনেক দিন পর দুইটা ৬ মারতে পারলাম। ভালো লাগছে নিজের কাছে। এর থেকে বেশি কিছু বলার নাই।' কথা বলতে কষ্ট হচ্ছে নাজমুলের। গলা থেকে জোর করে শব্দ বের করছেন। তবে ব্যাট হাতে সাবলিল রয়েছেন ২৫ বছর বয়সি এই তারকা। পূর্ণ মেয়াদে অধিনায়ক হওয়ার পরে এটিই তার প্রথম সিরিজ। যেখানে আজকের ম্যাচে জয় পেলে শুরুটা রাজকীয় হবে, সেটি বলার আর অপেক্ষা রাখে না।

ইত্তেফাক/এনএন