সাত মাস পর বল হাতে ফিরে ঝলক দেখালো স্টোকস

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৬:১৪

গেল বছর ঘরের মাটিতে অ্যাশেজ সিরিজে সর্বশেষ বল হাতে দেখা যায় ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসকে। এরপর ইনজুরির কারণে সাদা পোশাকের ম্যাচে বল হাতে দেখা যায়নি এই ক্রিকেটারকে। দীর্ঘ সাত মাস পর বল হাতে ফিরে প্রথম বলেই উইকেট তুলে নেয় এই ইংলিশ অলরাউন্ডার।

সেই সঙ্গে জানান দিয়েছেন, এখনো ফুরিয়ে যাননি তিনি। ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে গেল পরশু মাঠে নামে ইংল্যান্ড। এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা।

আগে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের তোপের মুখে পড়ে প্রথম দিনেই মাত্র ২১৮ রানে গুটিয়ে যায় ইংলিশরা। এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রানের পাহাড় করার ইঙ্গিত দিচ্ছিলেন স্বাগতিক ব্যাটাররা। মাত্র এক উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২৫০-এর বেশি তোলে ভারত। উইকেটে তখন ১০৩ রানে অপরাজিত ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

তখন ম্যাচের ৬১তম ওভারে হাতে বল তুলে নেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। সাত মাস পর বল হাতে ফিরেই রোহিত শর্মাকে বোল্ড করে ফেরান সাজঘরে। রোহিত ফিরে গেলেও সচলভাবে চলছিল স্বাগতিকদের রানের চাকা। ২৫৫ রানে এগিয়ে থেকে এবং ২ উইকেট হাতে রেখে দ্বিতীয় দিন শেষ করে স্বাগতিকেরা।

ইত্তেফাক/এনএন