কুমিল্লা সিটি উপনির্বাচনে এক কেন্দ্রে প্রথম ১ ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৭৭টি। এ কেন্দ্রে ভোটারসংখ্যা ৩ হাজার ৩১৪। ভোট পড়ার হার ২ দশমিক ৩২। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ (পশ্চিম পাশের ১০তলা ভবন) কেন্দ্র ঘুরে এ তথ্য পাওয়া গেছে।
কেন্দ্রটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ধীরগতিতে কাজ করায় ভোট গ্রহণে কিছুটা সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রে দায়িত্ব পালনরত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্টরা।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, মেয়র প্রার্থী তাহসীন বাহারের সমর্থকেরা কেন্দ্রটির সামনে অবস্থান নিয়ে আছেন। কেন্দ্রের ভেতরে বিভিন্ন কক্ষের সামনেও তাঁর অনুসারীরা গলায় ব্যাজ ঝুলিয়ে অবস্থান করছেন। তাহসীন ছাড়া অন্য কোনো প্রার্থীর পক্ষের কাউকে কেন্দ্রের সামনে বা আশপাশে দেখা যায়নি।
তাহসীন বাহার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের মেয়ে।
নারী ভোটারদের এ কেন্দ্রে ৯টি ভোটকক্ষ। ৯টার দিকে এসব কক্ষে গিয়ে জানা গেছে, এক ঘণ্টায় ১ নম্বর কক্ষে প্রথম ১৮টি, ২ নম্বর কক্ষে ২, ৩ নম্বরে ৯, ৪ নম্বরে ৩, ৫ নম্বরে ৩, ৬ নম্বরে ৬, ৭ নম্বরে ১৪, ৮ নম্বরে ১৫ ও ৯ নম্বরে ৭টি ভোট পড়েছে।
