ধামরাইয়ের মাসব্যাপী রথমেলা শুরু
ধামরাই (ঢাকা) সংবাদদাতা ব্যাপক উত্সাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার ধামরাইয়ে ৪শ’ বছরের ইতিহাস ও ঐতিহ্যের বাহক শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা ও মাসব্যাপী রথমেলা শুরু হয়েছে। শ্রী শ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল (অব:) জীবন কানাই দাসের সভাপতিত্বে রথযাত্রা উদ্বোধন করেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ, সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা এম এ মালেক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহদ্দেস হোসেন প্রমুখ। উল্টো রথ টান হবে আগামী ১২ জুলাই।
পীরগঞ্জে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা পীরগঞ্জের শালবাগান থেকে বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাত এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, শালবাগানের ৪০০-৫০০ মিটার ভেতরে একটি শালগাছে ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেয় বনবিভাগের লোকজন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পীরগঞ্জ থানার ওসি বজলুর রশীদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশের গায়ে সাদা শার্ট ও কালো রঙের প্যান্ট ছিল।
চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা ঈশ্বরগঞ্জে ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের কর্মকর্তাদের চাকরি পল্লি সঞ্চয় ব্যাংকে স্থায়ীকরণ ও পদোন্নতির দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলা পরিষদের সম্মুখে এ মানববন্ধন পালন শেষে কর্মকর্তা-কর্মচারীরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
নালিতাবাড়ীতে ইসলামী ব্যাংক
৩৪৩তম শাখার উদ্বোধন
নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা নালিতাবাড়ী উপজেলার পৌরশহরের প্রাণকেন্দ্র গড়কান্দামহল্লায় বাংলাদেশ ইসলামী ব্যাংক ৩৪৩তম শাখার উদ্বোধন করা হয়েছে। ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বৃহস্পতিবার উদ্বোধন করেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (সিইও) মো. মাহবুব উল আলম। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন—ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল জব্বার, কেন্দীয় কৃষক লীগ নেতা কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিল প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়ায় ফলদ ও বৃক্ষ মেলা উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন, কৃষি সম্প্র্রসারণ বিভাগ ও সামাজিক বন বিভাগের আয়োজনে ১০ দিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলা ২০১৯ উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় লোকনাথ দিঘিরপাড়ে মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র নায়ার কবীর, কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আবু নাছের, সামজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মো. নুরুল করীম প্রমুখ।
অতিদরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ
রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা রৌমারী উপজেলার ছয়টি ইউনিয়নের ১০৪টি অতিদরিদ্র পরিবারের মাঝে ১০৪টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুম থেকে ঐসব টিউবওয়েল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শেখ আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোজ্জাফর হোসেন প্রমুখ।
কাঠালিয়ায় মতবিনিময় ও মা সমাবেশ
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা ঝালকাঠির কাঠালিয়া উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভা ও মা সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গিয়াস উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় প্রাথমিক শিক্ষা বিভাগের উপপরিচালক এস এম ফারুক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আমিনুল ইসলাম প্রমুখ।
শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল
হাজিরা কার্যক্রম উদ্বোধন
চাটমোহর (পাবনা) সংবাদদাতা চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ, বাল্যবিয়ে প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোবাইল ট্যাব বিতরণ ও ডিজিটাল হাজিরা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার মুলগ্রাম ইউনিয়ন কমপ্লেক্স চত্বরে ইউপি চেয়ারম্যান মো. রাশেদুল ইসলাম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনার নবাগত জেলা প্রশাসক কবীর মাহমুদ।
শেরপুরে মসজিদের চেক বিতরণ
শেরপুর (বগুড়া) সংবাদদাতা বগুড়ার শেরপুরে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে ৫০টি মসজিদের মাঝে ২ লাখ ৪৭ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখের সভাপতিত্বে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবর রহমান এসব চেক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন—শেরপুর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ শাহ জামাল সিরাজী, ভেটেরিনারি সার্জন ডা. মো. রায়হান প্রমুখ।
ঝিনাইদহে অবৈধ সার কারখানা সিলগালা
মালিকের জেল-জরিমানা
ভ্রাম্যমাণ প্রতিনিধি ঝিনাইদহ সদর উপজেলার ১৬ মাইল এলাকায় একটি লাইসেন্স বিহীন সার কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা এ অভিযান পরিচালনা করেন। এ সময় কারখানা মালিক আসাদুল ইসলামকে এক মাসের কারাদণ্ড ও ২৯ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোফাকখারুল ইসলাম বলেন, জব্দকৃত সারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
