জনসম্মুখে নাচের একটি ভিডিও ছড়িয়ে পড়ায় দুই তরুণীকে গ্রেপ্তার করেছে ইরান। ইরানি মিডিয়া জানিয়েছে, তারা ফার্সি নববর্ষ উদযাপন করতে নেচেছিলেন। খবর এএফপি।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রাজধানী তেহরানের উত্তরে তরুণদের জনপ্রিয় সমাবেশস্থল তাজরিশ স্কোয়ারের কাছে দুই তরুণী নাচছেন।
ইরানের তাসনিম বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ‘তেহরানের প্রসিকিউটর ওই দুই তরুণীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। তাদের নাচের মাধ্যমে সামাজিক নিয়ম ভঙ্গের অভিযোগ দায়ের করা হয়েছে।’
গ্রেপ্তার হওয়া দুই তরুণীর পরনে হাদজি ফারৌজের পোশাক ছিল। এটি ইরানের একটি ঐতিহাসিক লোককাহিনীর চরিত্র। আগামী ২০ মার্চ থেকে শুরু হবে ফার্সি নববর্ষ।
ইরানে প্রচলিত ইসলামিক আইনে নারীদের নাচ বা জনসম্মুখে একা থাকা নিষিদ্ধ।
২০২২ সালের সেপ্টেম্বরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর ইরানে নারীদের অধিকার নিয়ে গণবিক্ষোভ শুরু হয়। এরপর থেকে জনসম্মুখে বিশেষ করে মেট্রোতে নারীদের নাচের অসংখ্য ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
নিয়ম মেনে হিজাব না পরায় ২২ বছর বয়সী মাহসা আমিনিকে তেহরানের নীতি পুলিশ গ্রেপ্তার করেছিল।
