সফরকারী আফগানিস্তান ‘এ’ দল ঢাকায় এসেছিল গত ১ জুলাই। ঢাকা থেকে খুলনায় গিয়ে দুদিন অনুশীলনও করেছে তারা। স্বাগতিক বাংলাদেশ ‘এ’ দলও চলতি মাসের শুরু থেকে খুলনায় অবস্থান করছে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আজ সিরিজের প্রথম চারদিনের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান ‘এ’ দল।
বিশ্বকাপের ঢামাঢোলে ‘এ’ দলের এই সিরিজটা যেন বিসিবির নজরের আড়ালে পড়ে গিয়েছিল। সিরিজের মূল লড়াই শুরু হবে আজ। অথচ বাংলাদেশ ‘এ’ দলটা বিসিবি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলো গতকাল সকালে। গণমাধ্যমের কাছে ‘এ’ দলের ১৫ সদস্যের স্কোয়াডটা পাঠানো হয়েছে গতকাল।
লন্ডন থেকে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, হোম সিরিজে ‘এ’ দলের নেতৃত্ব দিবেন ইমরুল কায়েস। অভিজ্ঞ এই বাঁহাতি ওপেনার শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে সুযোগ পাননি। এবার ইমরুলের নেতৃত্বে ‘এ’ দলে রয়েছেন এক ঝাঁক তরুণ ক্রিকেটার। মূলত টেস্ট দলে খেলা চার ক্রিকেটার আছেন দলে। ওপেনার এনামুল হক বিজয়, স্পিনিং অলরাউন্ডার তানভির হায়দার চৌধুরী, ব্যাটসম্যান রকিবুল হাসান, বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম, পেসার কামরুল ইসলাম রাব্বি ছাড়া দলের বাকি সদস্যরা সবাই তরুণ ক্রিকেটার। জাকির হাসান, আফিফ হোসেন, জাকির আলী অনিকরা রয়েছেন দলে। তরুণ পেসার সুমন হক, বাঁহাতি স্পিনার তানভির ইসলাম সুযোগ পেয়েছেন এ সিরিজের দলে।
খুলনায় প্রথম চারদিনের ম্যাচের পর চট্টগ্রাম যাবে দুই দল। ১২ জুলাই থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় চারদিনের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান ‘এ’ দল। পরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বে দুই দল। ১৯, ২১ ও ২৪ জুলাই একই ভেন্যুতে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। ২৭ ও ২৯ জুলাই বিকেএসপিতে চতুর্থ ও পঞ্চম ওয়ানডে খেলবে দুদল। আগামী ৩০ জুলাই বাংলাদেশ ছাড়বে আফগানরা।
