রাজধানীর নিকুঞ্জ এলাকায় হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে রাজউক। রবিবার (১০ মার্চ) সকাল থেকে বিকালে পর্যন্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন-৪/৩ মোবাইল কোর্ট পরিচালনা করে। এই সময় হোটেল রিজেন্সির টপ ফ্লোরে রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া এবং জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজউকের পরিচালক (অডিট ও বাজেট) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান।
তিনি বলেন, রাজউকের জোন-৪/৩ এর আওতাধীন নিকুঞ্জ এলাকায় রাজউক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উত্তরায় অভিযান শেষে নিকুঞ্জতে অভিযান পরিচালনা করা হয়। এই সময়ে ঢাকা রিজেন্সি হোটেলের রুফটপে অবৈধ রেস্টুরেন্ট আংশিক অপসারণের করা হয় । বাকি অংশ অপসারণের জন্য রাজউকের পক্ষ থেকে ১৫ দিন সময় দেওয়া হয়েছে এবং ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ঢাকা রিজেন্সি হোটেলে নিচতলায় অবৈধ দোকানপাট থাকায় ওই সকল দোকান মালিকদের বেজমেন্টের দোকান অপসারণের জন্য দোকান মালিক সমিতিকে আগামী ১৫ দিনের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। ভবন মালিক থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা নেওয়া হয়।
উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন রাজউক জোন-৪ এর পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম, অথরাইজড অফিসার মো: হাসানুজ্জামানসহ রাজউকের কর্মকর্তারা।
