পিরোজপুরে জাহাজের ধাক্কায় পল্টুন বিচ্ছিন্ন, বন্ধ ফেরি চলাচল 

আপডেট : ১০ মার্চ ২০২৪, ২০:৩৮

পিরোজপুরের ভান্ডারিয়া ও ইন্দুরকানী উপজেলার মধ্যবর্তী কচাঁ নদীর চরখালী-টগরা ফেরির পল্টুন ও গ্যাংওয়ে লাইটার জাহাজের ধাক্কায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ফেরি চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছে এই পথে যাতায়াতকারী।

জানা যায়, শনিবার (৯ মার্চ) রাত ১০টার দিকে মঠবাড়িয়া থেকে ছেড়ে আসা এমভি বলেশ্বর-১ নামের লাইটার জাহাজটি হঠাৎ ফেরির পল্টুনে আঘাত করে। এ সময় পল্টুনের সঙ্গে নোঙ্গর করা ফেরিতে যানবাহন উঠছিল। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রোববার বিকাল পর্যন্ত পল্টুন ও গ্যাংওয়ে মেরামত করে চলাচল স্বাভাবিক করতে পারেনি কর্তৃপক্ষ। ফলে বন্ধ রয়েছে ফেরি চলাচল।

আর এতে ভোগান্তিতে রয়েছে এই পথে যাতায়াতকারী ঢাকা, খুলনা, চট্টগ্রাম, পিরোজপুর, মঠবাড়িয়া, পাথরঘাটা, ভান্ডারিয়াসহ ১১ রুটের যাত্রীসাধারণ। পল্টুনে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় জাহাজটিকে কাউখালীতে আটক করা হয় বলে জানা গেছে।

ফেরি বন্ধ থাকায় বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ট্রলারে নদী পাড়ি দিতে হচ্ছে যাত্রীদের। এক্ষেত্রে ট্রলার মালিকরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে যাত্রীরা অভিযোগ করছেন। পল্টুন দিয়ে যাত্রী না উঠতে পারায় তাদের নামিয়ে দেওয়া হচ্ছে চরখালী বিসমিল্লাহ্ চত্বর সংলগ্ন বালুর মাঠে। এক্ষেত্রে মোটরসাইকেল প্রতি ১৫০ টাকা, যাত্রী প্রতি ২০ টাকা আদায় করছে ট্রলার মালিকরা। প্রতিটি ট্রলারে ধারণক্ষমতার অধিক যাত্রী বহন করছেন তারা।

এ বিষয়ে ট্রলার মালিক সাংবাদিকদের জানান, আমাদের ট্রলারে ২০০ যাত্রীর ধারণক্ষমতা রয়েছে। আমরা তার থেকে কম যাত্রী ট্রলারে তুলছি। মোটরসাইকেলের ভাড়া ১০০ টাকা এবং ঘাটে তুলতে ৫০ টাকা।

পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের কার্যসহকারী মো. হায়দার আলী ডাকুয়া জানান, পল্টুন ও গ্যাংওয়ের মেরামত কাজ চলছে। সোমবার বিকালের পূর্বে ফেরি চলাচল স্বাভাবিক করা সম্ভব নাও হতে পারে। এদিকে রোববার এ প্রতিবেদন লেখা পর্যন্ত পল্টুন ও গ্যাংওয়ের মেরামত কাজ চলছে। 

ইত্তেফাক/এবি