এবার আঘাত পেলেন মুশফিক

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ২১:৫৯

ইনজুরি যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ টিমের। এবার ইনজুরির তালিকায় নাম লিখিয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিক। আজ শুক্রবার লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের সঙ্গে চলতি বিশ্বকাপের শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। ঐ ম্যাচ সামনে রেখে গতকাল অনুশীলন করে টাইগাররা। নেটে অনুশীলনের সময় টেট বোলারের একটি বল সজোরে তার ডান হাতের কনুইতে আঘাত করে। এরপর মুশফিককে দ্রুত ড্রেসিং রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিকভাবে বরফ দিয়ে তাকে পরিচর্যা করা হয়।

তবে মুশফিকের আঘাত তেমন গুরুতর নয় বলেই জানিয়েছেন প্রধান কোচ স্টিভ রোডস। তিনি জানান, ‘মুশির ডান হাতের কনুইতে বলের আঘাত লেগেছে। এ বিষয়ে ফিজিও এখনো কিছু জানায়নি। তবে আশা করছি আঘাত তেমন গুরুতর নয়। ক্রিকেটারদের কনুইতে আঘাত লাগার ঘটনা অহরহ ঘটে। এতে হাড়ে খুব একটা চিড় ধরে না। মনে হয় মুশি ঠিকই আছে।’

উল্লেখ্য, দলের অন্যতম ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদও চোটের কারণে ভারতের সঙ্গে গত ম্যাচটি খেলতে পারেননি। রিয়াদ ইনজুরি নিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করেছিলেন। কাঁধের চোটের কারণে টুর্নামেন্টে তিনি বল করতে পারেননি। পরে পায়ের ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ম্যাচও মিস করেছেন। এর আগে সাকিব, তামিম, সাইফুদ্দিন, মোসাদ্দেক, মোস্তাফিজ, অধিনায়ক মাশরাফিসহ বাংলাদেশের প্রায় সব ক্রিকেটারই ছোটোবড়ো ইনজুরিতে পড়েন। টনটনে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগের দিনও নেটে ব্যাটিং অনুশীলনের সময় হাতের কব্জিতে আঘাত পেয়েছিলেন মুশি।