অ্যাটলেটিকোয় ‘নতুন রোনালদো’

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ২২:০১

অ্যাটলেটিকো মাদ্রিদ নতুন রোনালদো খ্যাত পর্তুগালের হোয়াও ফেলিক্সকে ক্লাব রেকর্ড ১২৬ মিলিয়ন ইউরোয় দলে টেনেছে। চুক্তিটির ফলে এ যাবত্কালের সবচেয়ে খরুচে দলবদলের সেরা দশে ঢুকে গিয়েছেন ফেলিক্স, ছাড়িয়ে গিয়েছেন পর্তুগীজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোকেও।

গেল মৌসুমে বেনফিকায় দারুণ নৈপুণ্য দেখিয়েছিলেন ফেলিক্স। ১৯ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডারের ১৫ গোল দলকে পর্তুগীজ লিগ জিততে সাহায্য করেছে দারুণভাবে। ইউরোপা লিগের নয় ম্যাচে তিন গোল করে দলকে নিয়ে গিয়েছিলেন প্রতিযোগিতাটির সেমিফাইনালেও। এমন নৈপুণ্যের ফলে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের মতো ইউরোপীয় শক্তিদের নজরেও চলে এসেছিলেন তিনি। শেষ বাজিটা জিতল স্প্যানিশ লিগ রানার্স আপ অ্যাটলেটিকোই।

বেনফিকাকে ফেলিক্সের নয় অঙ্কের এই দলবদলের মূল্য ধাপে ধাপে পরিশোধ করবে অ্যাটলেটিকো। ফলে তার বাইআউট ক্লজ ১২০ মিলিয়ন ইউরোর চেয়ে ছয় মিলিয়ন ইউরো বেশি পরিশোধ করতে হবে কোচ দিয়েগো সিমিওনের দলকে। চুক্তিটির ফলে ইতিহাসের সবচেয়ে খরুচে দলবদলের তালিকায় রোনালদোকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এলেন সাবেক বেনফিকা মিডফিল্ডারটি। এখন তার সামনে আছেন কেবল নেইমার, কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে ও ফেলিপে কোটিনহো।

ধারণা করা হচ্ছে আন্তনিও গ্রীজম্যান পরবর্তী সময়ের জন্যেই দল সাজাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এর আগে চলতি দলবদলে রিয়াল মাদ্রিদ থেকে মিডফিল্ডার মার্কোস ইয়োরেন্তে ও পোর্তোর তরুণ ডিফেন্ডার ফেলিপেকে দলে টেনেছিল দলটি। এবার ফেলিক্সকে দলে টানল তারা। অ্যাটলেটিকোয় সাত বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পর্তুগীজ খেলোয়াড়টি। দলে তিনি সাত নম্বর জার্সিটি পরবেন বলে ক্লাবের টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে অ্যাটলেটিকো। সাত নম্বর জার্সিটি এতদিন গ্রীজম্যানই গায়ে চাপাতেন।