লালমনিরহাটে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি ফেরদৌস আহমেদের (৪৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মার্চ) সকালে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া এলাকায় রাস্তার পাশে স্বেচ্ছাসেবক দলের নেতা ফেরদৌসের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
ফেরদৌস আহমেদ সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি আনন্দবাজার এলাকার নুরল হকের ছেলে। তিনি ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি।
জানা গেছে, রোববার বিকালে সদর উপজেলার বড়বাড়ি ইউরিয়নে বিএনপির কোনো সভায় যোগদানের কথা বলে বাড়ি থেকে বের হন ফেরদৌস আহমেদ। রাত গভীর হলেও বাড়ি না ফেরায় ফোনে যোগাযোগের চেষ্টা করে ফোন বন্ধ পায় তার পরিবার। অবশেষে লালমনিরহাট শহরে খুঁজতে এসে শহরের প্রাণ কেন্দ্র মিশন মোড়ে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া যায়। কিন্তু তার সন্ধান মিলেনি। স্থানীয়দের ধারণা স্বেচ্ছাসেবক দলের নেতা ফেরদৌস আহমেদ চোরাচালালেন সঙ্গে জড়িত থাকায় মাদক কারবারির লেনদেন নিয়ে বিবাদের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ছাড়া ঘাতকরা তাকে শহর থেকে নিয়ে এসে নিজপাড়া গ্রামে নির্জন এলাকায় শ্বাসরোধে হত্যা করে সড়কের পাশে ফেলে পালিয়ে যায় বলে ধারণা করছেন স্থানীয়রা।
লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক বলেন, মৃতের পরিবারের দেওয়া তথ্য মতে ফেরদৌস বেশ কিছু টাকা নিয়ে বিএনপির সভায় যোগদানের কথা বলে বেড়িয়ে এলেও বাড়ি ফিরেনি। কোনো অভিযোগ দেয়নি তার পরিবার। আমরা পুরো ঘটনা তদন্ত করছি।
