কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা ও তার স্ত্রী সাম্মিয়ারা পারভীনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। সাম্মিয়ারা পারভীন পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মঙ্গলবার (১১ মার্চ) কুষ্টিয়ার সমন্বিত জেলা কার্যালয়ের (দুদক) সহকারী পরিচালক নীল কমল পাল বাদী হয়ে এ মামলা করেন। দুদকের প্রধান কর্যালয়ের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, সাম্মিয়ারা পারভীন দুদকে দাখিলকৃত সম্পদের হিসাব বিবরণীতে ৩ লাখ ৬৫ হাজার ৪৬৮ টাকার সম্পদের ভিত্তিহীন বা মিথ্যা তথ্য উপস্থাপন করেন। এতে প্রকৃত তথ্য গোপন করে জ্ঞাত আয়বহির্ভূত ৬৩ লাখ ৬৬ হাজার ৫৭৪ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার তথ্য পেয়েছে দুদুক।
শিক্ষিকা সাম্মিয়ারা পারভীনের শাস্তিযোগ্য এই অপরাধে তার স্বামী উপজেলা চেয়্যারম্যান আতাউর রহমান সহযোগিতা করায় দন্ডবিধি ১০৯ ধারা মোতাবেক তাকেও একই মামলায় আসামি করা হয়েছে।
এর আগে দুদকের অনুসন্ধানে জ্ঞাত আয়ের অর্জিত সম্পদের হিসাব চেয়ে ওই শিক্ষিকাকে ২০২২ সালের ১৩ এপ্রিল চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন। কিন্তু দাখিলকৃত সম্পদের হিসাব বিবরণীতে গরমিল ও তথ্য গোপন করায় প্রধান কার্যলয়ের অনুমোদনক্রমে মামলা করা হয়।
