জলবায়ু পরিবর্তনে বিশ্বব্যাপী বিরূপ প্রভাবে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতির শিকার। এ ক্ষতির হাত থেকে ভবিষ্যতে বাঁচার জন্য দেশে বিদ্যমান বৃক্ষের চারগুণ বেশি গাছ লাগানোর জন্য জলবায়ু বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন। এটি একটি মহা কর্মযজ্ঞ, যা নানাবিধ কারণে সম্পন্ন করা কঠিন বৈকি। এ পরিস্থিতিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বে একটি অভিনব আবিষ্কার আমাদের আশার আলো দেখিয়েছে। প্রযুক্তিটির নাম ‘ডিরেক্ট অ্যায়ার ক্যাপচার’। এটি জলবায়ু পরিবর্তন কমাতে বায়ুমণ্ডলে জমে থাকা কার্বন ডাই অক্সাইড টেনে নেওয়ার কাজ করবে। ফলে কমবে জলবায়ুর ক্ষতিকর পরিবর্তন। এ প্রযুক্তি সম্পর্কে গত ২৫ জুন দৈনিক ইত্তেফাকে প্রকাশিত ‘বায়ুমণ্ডল থেকে কার্বন সরাতে সহায়তা দেবে মাইক্রোসফট’ শীর্ষক খবর থেকে জানা যায়, কার্বন ইঞ্জিনিয়ারিং নামের একটি প্রতিষ্ঠানের তৈরি বিশাল আকৃতির পাখা এবং জটিল রাসায়নিক প্রক্রিয়ায় বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড সরিয়ে নিতে সক্ষম হবে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের আকাশসীমার অন্তর্গত বায়ুমণ্ডল থেকে কার্বন সরানোর উদ্দেশ্যে সরকারকে কার্বন ইঞ্জিনিয়ারিং নামের প্রতিষ্ঠানের সঙ্গে দ্রুত যোগাযোগের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
হাজী মো. আলী বশির
৮৮/৮৯ আগাসাদেক রোড,
মাহবুব আলী
৪১ আব্দুল হাদী লেন, বংশাল, ঢাকা
