ব্যবসায়ীদের আস্থা ও বিশ্বাসের নাম আনিসুল হক। বিজিএমইএ, এফবিসিসিআইয়ের নেতৃত্ব দেওয়ার পর সফল নগর পিতা হিসেবে তিনি সকলের মন জয় করেছেন। তার শারীরিক মৃত্যু হয়েছে। আত্মীক মৃত্যু হয়নি। কর্মের মাঝেই সুদীর্ঘকাল বেঁচে থাকবেন তিনি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের কর্মময় জীবন নিয়ে এক স্মরণসভায় এসব কথা বলেছেন দেশের বিশিষ্ট ব্যবসায়ী নেতারা। আনিসুল হককে একজন স্বপ্নবাজ, কর্মচঞ্চল, উদার ও সদা হাস্যজ্জল মানুষ হিসেবে তার সঙ্গে বিভিন্ন সময়ের অভিজ্ঞতা তুলে ধরেন তারা। তাদের মতে ব্যবসা, রাজনীতি, সংস্কৃতি জগতে সফল এ মহানায়কের জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে সমাজের জন্য কাজ করলে সেটাই হবে তার প্রতি প্রকৃত সম্মান।
গতকাল রবিবার পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এ স্মরণসভার আয়োজন করে। রাজধানীর কাওরান বাজারে সংগঠনের নুরুল কাদের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ী ও উদ্যোক্তা, আনিসুল হকের পরিবারের সদস্য ও শ্রমিক নেতারা আলোচনা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাতে অংশ নেন।
