রাজধানীর মহাখালী এলাকায় নকশা বিহীন ভবন নির্মাণ করায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসময় বেশ কয়েকটি ভবনের আংশিক অপসারণসহ জরিমানা করা হয়।
বুধবার (১৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা। তিনি বলেন, মহাখালীর ওয়ারলেস এলাকায় রাজউক নকশা বিহীন ভবন নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ তাৎক্ষণিক ভাবে তিনটি ভবনে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। প্রাথমিকভাবে সতর্ক করে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। একইসঙ্গে মুচলেকা নেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন রাজউক জোন-৪ এর পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম, অথরাইজড অফিসার মো: হাসানুজ্জামান, সহকারী অথরাইজড অফিসার মতিউর রহমান ও মোস্তাফিজুর রহমান, প্রধান ইমারত পরিদর্শক আবু শামস, ইমারত পরিদর্শক সুমন, তোফায়েল মুরাদুল্লাহসহ রাজউকের অন্য কর্মকর্তারা।
