সংবাদ প্রচার ও প্রকাশের জের ধরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাধারণ সম্পাদক ও বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি দীপু সারোয়ার এবং সংগঠনের প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার ইমরান হোসেন সুমনকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হওয়ার যে নোটিশ পাঠানো হয়েছিল, তার আর কোনো কার্যকারিতা নেই। বৃহস্পতিবার দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সঙ্গে ক্র্যাব সভাপতি আবুল খায়েরের বৈঠক হয়। বৈঠক শেষে আবুল খায়ের জানান, ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। দুই সাংবাদিককে পাঠানো দুদকের নোটিশের কোনো কার্যকারিতা নেই।
প্রসঙ্গত, গত ২৩ জুন ‘লন্ডন প্রবাসী দয়াছের অডিও সংলাপে দুদকের ওরা কারা?’, শিরোনামে দীপু সারোয়ারের একটি প্রতিবেদন বাংলা ট্রিবিউনে প্রকাশিত হয়। একই বিষয়ে এটিএন নিউজে ইমরান হোসেন সুমনের প্রতিবেদনও প্রচার হয়। এরই জের ধরে গত ২৪ ও ২৫ জুন দীপু সারোয়ার ও ইমরান হোসেন সুমনকে সাক্ষ্য দিতে নোটিশ পাঠায় দুদক। দুদক আইন ও বিধি এবং ফৌজদারি কার্যবিধির নানা ধারা উল্লেখ করে পাঠানো ওই নোটিশে বলা হয়েছিল, ২৬ জুন উপস্থিত না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল ক্র্যাব সভাপতি আবুল খায়েরের সঙ্গে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের যে বৈঠক হয়, সেখানে নোটিশ ও তা নিয়ে সাংবাকিদের ক্ষোভের বিষয়টি আলোচনা হয়। আলোচনায় দুদক চেয়ারম্যান নোটিশের কার্যকারিতা নেই বলে আবুল খায়েরকে জানিয়ে দেন। —সংবাদ বিজ্ঞপ্তি
