কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আমিরুল হোসেন নান্নু (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে খুন করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর চাঁদপুর গ্রামের ডাকুয়া নদীর পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত আমিরুল কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে। তিনি গ্রামের বাজারে মাছের আড়তদারি করতেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন নান্নুকে কুপিয়ে হত্যা করেছে। বুধবার রাত ৮টার দিকে একটি ভুট্টা খেতের তার রক্তাক্ত লাশ পাওয়া যায়। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে কুমারখালী থানার পুলিশ। জাতীয় নির্বাচনে নিহত নান্নু নৌকার পক্ষে নির্বাচন করেছেন। তবে ভোটে নৌকার প্রার্থী হেরে যান। আর প্রতিপক্ষের লোকজন স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আব্দুর রউফের পক্ষে কাজ করেছেন। নির্বাচনের পরও পূর্ব শত্রুতার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিছুদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে প্রতিপক্ষের লোকজন নান্নুকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নতুন করে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
