দেশে এই প্রথমবারের মতো ঢাকা-বেনাপোল বিরতিহীন ট্রেন চালু হতে যাচ্ছে। জুলাই মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ট্রেন সার্ভিস উদ্বোধন করবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। গত বুধবার বিকালে তিনি বেনাপোল রেলওয়ে স্টেশন পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা জানান।
তিনি জানান, রেলের নাম এখনো ঠিক করা হয়নি। প্রাথমিকভাবে তিনটি নামের প্রস্তাবনা পাঠানো হয়েছে। সেগুলো হচ্ছে বেনাপোল এক্সপ্রেস, বন্দর এক্সপ্রেস ও ইছামতী এক্সপ্রেস। প্রধানমন্ত্রী এর মধ্যে একটি নাম নির্বাচন করবেন। ট্রেনটি সাড়ে সাত ঘণ্টায় বেনাপোল থেকে ঢাকায় পৌঁছাবে। বর্তমানে যশোর থেকে ঢাকার মধ্যে যে ট্রেন সার্ভিস চালু রয়েছে, সেটি ১৪টি স্থানে যাত্রাবিরতি করে। এতে ১০ থেকে ১১ ঘণ্টা সময় লাগে।
বেনাপোল রেলওয়ে স্টেশনের মাস্টার মো. সাঈদুজ্জামান ইত্তেফাককে জানান, রেল সার্ভিসটি চালুর ব্যাপারে অফিশিয়ালি এখনো কিছু জানানো হয়নি। তবে এ মাসেই উদ্বোধন হতে পারে ধরে সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। রেলওয়ে সূত্র জানায়, বেনাপোল থেকে ট্রেনটি যশোর রেলওয়ে জংশনে পৌঁছে ১৫ মিনিটের বিরতি নেবে। বেনাপোল থেকে ঢাকা পর্যন্ত এই ট্রেনের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে শোভন চেয়ার ৫০০ টাকা, এসি (শীতাতপ নিয়ন্ত্রিত) চেয়ার ১ হাজার এবং এসি কেবিন ১ হাজার ২০০ টাকা।
