রেস্টুরেন্ট মালিকের সঙ্গে ঝামেলার জেরে হামলা, খুন হলো কর্মচারী

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ২৩:১৩

চট্টগ্রাম নগরীতে তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের হামলায় মোহাম্মদ রিয়াদ নামে এক রেস্টুরেন্ট কর্মচারী খুন হয়েছেন।

বুধবার (১৩ মার্চ) দিনগত গভীর রাতে নগরীর চান্দগাঁও থানার হামিদচর কর্ণফুলী রিভারভিউ রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাবুল মিয়া ও অজয় নামের দুইজনকে আটক করা হয়েছে।

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বলেন, রিয়াদ কর্ণফুলী রিভারভিউ রেস্টুরেন্টে চাকরি করতো। রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ ইকবালের সঙ্গে বাবুল মিয়া নামে এক ব্যক্তির কথা কাটাকাটি হয়। এর জের ধরে বাবুলের অনুসারিরা ইকবালের রেস্টুরেন্টে হামলা চালায়। এ সময় কর্মচারীরা বাধা দিলে তাদের মারধর করা হয়। এ সময় রেস্টুরেন্টের এক কর্মচারী মারা যায়।

ওসি বলেন, ধারণা করছি ছুরিকাঘাতে অধিক রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এসকে