চালু হলো বার্ন ইনস্টিটিউট

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ২২:২১

চিকিত্সাসেবা কার্যক্রম শুরুর মধ্য দিয়ে চালু হলো ‘শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’। এটি বিশ্বের বৃহত্তম বার্ন ইনস্টিটিউট। গতকাল বৃহস্পতিবার চানখারপুল এলাকায় ১৮ তলাবিশিষ্ট এই বিশেষায়িত ইনস্টিটিউটের চিকিত্সাসেবা কার্যক্রম শুরুর উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে হাসপাতালের বহিঃবিভাগের সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর হাসপাতালের সেবা কার্যক্রম ও বিভিন্ন বিভাগগুলো পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পরিদর্শন শেষে উদ্বোধনী আলোচনা অনুষ্ঠানে অংশ নেন তিনি। আলোচনায় দেশের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচ শয্যা দিয়ে বার্ন ইউনিট শুরু হয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় এখন এটি ৫০০ শয্যার প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রী প্রতিষ্ঠানটি উদ্বোধনের সময় দ্রুত সেবা কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছিলেন। আমরা সেই চেষ্টাই করেছি। জাহিদ মালেক বলেন, প্রতি বছর আগুনে, বিদ্যুতে বা কোনো না কোনোভাবে প্রায় ১০ লাখ লোক পুড়ে যায়। সেই পোড়া রোগীর জন্য আজ এখানে সেবা কার্যক্রম শুরু হলো। এখন খেকে পোড়া রোগীরা অত্যাধুনিক সুচিকিত্সা পাবে।

গতকাল শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বহিঃবিভাগ চালু হয়েছে। আর ইনডোর চালু হবে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে। গতকাল বহিঃবিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও কল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ও প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কালাম, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান প্রমুখ উপস্থিত ছিলেন।