বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

জয়ের মিশনে টাইগার একাদশে তাইজুল না রিশাদ?

আপডেট : ১৫ মার্চ ২০২৪, ১০:৫৬

সফরকারী শ্রীলঙ্কার বিপরীতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৬ উইকেটের জয় পেয়েছিল স্বাগতিক বাংলাদেশ। এ সিরিজের দ্বিতীয় ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে গড়াবে আজ শুক্রবার দুপুরে। আজ জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। আর অন্যদিকে আজকের ম্যাচে জিততে পারলে সিরিজে টিকে থাকবে লঙ্কানরা।

সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু পেয়েছিল লঙ্কানরা। তবে তাসকিন, তানজিম, সাকিবদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একে একে সাজঘরে ফেরে সফরকারীদের ব্যাটাররা। রান কোনো রকমে পৌঁছায় আড়াইশ এর ঘরে। তবে সেদিন বেশ খরুচে ছিলেন তাইজুল ইসলাম। ৮ ওভার বোলিং করে ৫৪ রান দিয়েছিলেন। পাননি কোনো উইকেটও।

তাই বাজে পারফরম্যান্সের কারণে আজ মূল একাদশ থেকে বাদ পড়তে পারেন তাইজুল। তার স্থানে একাদশে ফিরতে পারেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারের সাম্প্রতিক ফর্ম তাকে এগিয়ে রাখছে।

এদিকে ম্যাচের আগে ঐচ্ছিক অনুশীলনের দিন রিশাদ হোসেন ও তাইজুল ইসলাম দুজনেই মাঠে এসেছিলেন। আগের দিন ম্যাচ না খেলায় রিশাদের আসা অনুমিত। ম্যাচ খেলেও বিশ্রাম না নিয়ে তাইজুলের আসার কারণ জুতসই পারফরম্যান্সের ঘাটতি।

এছাড়া বাংলাদেশের একাদশে খুব একটা পরিবর্তন আসার সম্ভাবনা নেই। ব্যাটিংয়ে টপ অর্ডার গত ম্যাচে ব্যর্থ হলেও লিটন দাস-সৌম্য সরকারদের আরও সুযোগ দেওয়ার পক্ষে টিম ম্যানেজমেন্ট। তাওহিদ হৃদয়কে নিয়েও লম্বা পরিকল্পনা দলের।

প্রথম ওয়ানডেতে ২৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৩ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বসে টাইগাররা। এমন বাজে অবস্থায় অধিনায়ক শান্ত মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে ৬৯ রানের জুটি গড়েন। এরপর ৩৭ রানে অভিজ্ঞ মাহমুদউল্লাহ বিদায় নেন। তারপর শান্তর সঙ্গে মুশফিক গড়েন ১৬৫ রানের জুটি। সেদিনের জয়ের পেছনে নিজের চেয়ে মাহমুদউল্লাহর সঙ্গে শান্তর জুটিকেই ম্যাচ জয়ের বড় কারণ হিসেবে দেখছেন মুশফিক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছিলেন তিনি। 

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে একটি ম্যাচে জয়ের জন্য চার বছর এবং সিরিজ জয়ের জন্য ১৯ বছর অপেক্ষা করেছিল বাংলাদেশ। এবার লায়নদের বিপক্ষে পরপর দুই সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে। 

আজকের ম্যাচটি জিতলে ঘরের মাটিতে পরপর দুই সিরিজে লঙ্কানদের হারানোর কীর্তি গড়বে বাংলাদেশ। এর আগে মিরপুরে ২০২১ সালে সবশেষ ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল দুদল। সেই সিরিজে প্রথমবারের মত লঙ্কানদের হারিয়েছিলেন লাল-সবুজের প্রতিনিধিরা। এবার জয় পেলেই তামিম ইকবালের পর নতুন মাইলফলকে নাম লেখাবেন শান্ত। এখন পর্যন্ত দুই দেশের মধ্যে মোট আটটি সিরিজ হয়েছে। এর মধ্যে বাংলাদেশে হয়েছে তিনটি, বাকি পাঁচটি হয়েছে শ্রীলঙ্কায়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব।

ইত্তেফাক/জেডএইচডি