নাশকতার মামলা

আমানসহ বিএনপির ১৬৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ২২:১৬

কোর্ট রিপোর্টার

বিএনপির ভাইস চেয়ারম্যান আমানউল­াহ আমানসহ দলের ১৬৯ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। আগামী ১৩ জানুয়ারি ওই পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিলের দিন ধার্য করা হয়েছে। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম চার্জশিট গ্রহণ করে ওই পরোয়ানা জারি করেন। এর আগে অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার উপর শুনানি হয়।

আদালতের অতিরিক্ত পিপি আনোয়ারুল কবির বাবুল জানান, হাইকোর্ট মামলার চার্জশিট দাখিল হওয়া পর্যন্ত আসামিদের জামিন দিয়েছিলেন। চার্জশিট আসার পর জামিনের মেয়াদ শেষ হয়ে গেছে। এ পর্যায়ে আদালতে সময় আবেদন করার কোনো সুযোগ তাদের নাই।

ঢাকার কেরানীগঞ্জ থানা এলাকায় নাশকতার অভিযোগে গত বছরের ২ জুন মামলা দায়ের হয়। তদন্ত শেষে চলতি বছরের ১৮ নভেম্বর দণ্ডবিধি ও বিস্ফোরক আইনে পৃথক দুইটি চার্জশিট দেয় পুলিশ। উভয় চার্জশিটে আসামিরা এক এবং অভিন্ন।