মিষ্টি প্রস্তুত ও বিক্রিকারক প্রতিষ্ঠান ফুলকলি দীর্ঘদিন ধরে বাসি দই, মিষ্টি ও রসমালাই বিক্রি করছিল। আর সেটি করা হচ্ছিল পণ্যের গায়ের মেয়াদোত্তীর্ণ স্টিকার তুলে। নামকরা এ প্রতিষ্ঠানটিকে হাতেনাতে বিষয়টি ধরেছে ভ্রাম্যমাণ আদালত। কৌশলে মেয়াদোত্তীর্ণ স্টিকার তুলে ক্রেতাদের সঙ্গে প্রতারণা অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও আরো তিন প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি করায় ৪০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল বৃহস্পতিবার মতিঝিল ও ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।
অভিযানে জনপ্রিয় ফার্মেসিকে ১০ হাজার টাকা, পিন্টু ড্রাগ হাউসকে ১০ হাজার, দই, মিষ্টি ও রসমালাই মেয়াদোত্তীর্ণের স্টিকার উঠিয়ে বিক্রির অপরাধে ফুলকলিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী উত্পাদন ও প্রক্রিয়াকরণের অপরাধে হাড়ি গোস্তকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
