লোহিতসাগরে হুতিদের হাতে আটক জাহাজ

১১৬ দিনেও সমাধান হয়নি, ক্রুদের ভাগ্য হামাসের হাতে

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০৬:০০

লোহিতসাগরে গত নভেম্বরে ফিলিপাইনের একটি জাহাজ আটক করেছিল ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। কিন্তু গতকাল শুক্রবার পর্যন্ত ১১৬ দিনেও তাদের মুক্ত করা সম্ভব হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, তাদের ভাগ্য এখন হামাসের হাতে।

গত বছরের ১৯ নভেম্বর হুতিরা একটি হেলিকপ্টারের মাধ্যমে ফিলিপাইনের গ্যালাক্সি লিডার কার্গো জাহাজ আটক করে। এতে ২৫ জন ক্রু ছিলেন। এদের মধ্যে ১৭ জন ফিলিপাইনের, ইউক্রেনের তিনজন, বুলগেরিয়া এবং মেক্সিকোর দুইজন করে এবং রোমানিয়ার একজন রয়েছেন। 

ফিলিপাইন সরকারের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, এসব ক্রুদের মুক্তি দেওয়ার     কোনো লক্ষণ নেই। কারণ তারা আলোচনায়ই বসছে না। 

ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তা এডুয়ার্ডো ডে ভেগা জানিয়েছেন, হুতিদের কাছ থেকে যে বার্তা পাওয়া যাচ্ছে তাতে ধারণা করা হচ্ছে যে তারা আলোচনায় বসবে না এবং গাজা সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ক্রুদের মুক্তিও দেওয়া হবে না। 

বৃহস্পতিবার হুতির মুখপাত্র নসর আল-দিন অমের মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে জানিয়েছেন, হামাসের আল কাসেম ব্রিগেডের সিদ্ধান্তের ওপর ক্রুদের মুক্তির বিষয়টি ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে তাদের (হুতি) নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই।

ইত্তেফাক/এএইচপি