ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট যাচ্ছিল কাতারে। তবে কলকাতার আকাশসীমা পৌঁছানোর পর বিমানটির পাইলট ক্যাপ্টেন মাকসুদ অসুস্থ হয়ে পড়েন। পরে ফ্লাইটটি ফিরিয়ে আনা হয় ঢাকায়।
শুক্রবার (১৫ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৩২৫ ফ্লাইটে এ ঘটনা ঘটে।
অসুস্থ হওয়া বিমানের পাইলটের নাম ক্যাপ্টেন মাকসুদ।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, ফ্লাইটটি ঢাকা থেকে বিকাল সাড়ে ৫টায় কাতারের উদ্দেশে রওনা হয়। কলকাতার আকাশে পাইলট অসুস্থ হলে ফ্লাইটটি ঢাকায় ফিরে আসতে শুরু করে। পরে রাত ৮টার দিকে ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণ করে।
অবতরণের পর ক্যাপ্টেন মাকসুদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরে পাইলট পরিবর্তন করে ফ্লাইটটি রাত সাড়ে ১০টায় আবারও কাতারের দোহার উদ্দেশে ঢাকা ছাড়ে।
