সীতাকুণ্ডে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে বাঁশবাড়িয়া বাজার ও শুকলালহাট বাজারে অভিযানের সময় বিভিন্ন দোকানীদের ৪৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকালে সীতাকুণ্ডের দুটি বাজারে বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, বাঁশবাড়িয়া ইউনিয়নের সদর বাজারে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলাউদ্দিনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ, মূল্য তালিকা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অপরাধে পাঁচ জনকে সর্বমোট ১৬, ০০০ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সবজি, মাছ ও মাংসের মূল্য সরজমিনে পরিদর্শন করে বিভিন্ন নির্দেশনা প্রদান করে।অভিযানে উপস্থিত ছিলেন, মডেল থানার এসআই আমির হোসেন, ভূমি অফিসের ক্রেডিট চেকিং সজিব দাস, পুলিশ সদস্যরা।
অপরদিকে সুকলাল হাট বাজারের দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা, মোড়ক বিহীন পণ্য বিক্রয়, ফ্রিজে পঁচা খাবার সংরক্ষণের দায়ে হারুন স্টোরকে ৫, ০০০ টাকা, মহসিন স্টোরকে ১০, ০০০ টাকা ও সালাউদ্দিন স্টোরকে ১৫, ০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর শংকর প্রসাদ বিশ্বাস, মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী, মডেল থানার এসআই মফিজুর রহমান, পুলিশ ও সাংবাদিকরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন বলেন, ভোক্তারা যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ন্যায্য মূল্যে পায় সে জন্য আমরা নিয়মিত অভিযান চালাব।
