কম লোকেরই এমন সাহস আছে

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ২২:৩৪

বিগত লোকসভা নির্বাচনে ভরাডুবির দায় নিয়ে কংগ্রেস সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী। এর এক দিন পর বোন প্রিয়াংকা গান্ধী ভদ্র টুইট করে রাহুলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার তিনি লিখেছেন, অল্প লোকেরই এমন সাহস আছে, যা তুমি দেখালে। তোমার সিদ্ধান্তের জন্য গভীর শ্রদ্ধা। খবর :এনডিটিভি।

বুধবার দিনের শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাহুল গান্ধী বলেন, ‘আমি পদত্যাগপত্র আগেই জমা দিয়েছি। আমি আর কংগ্রেস সভাপতি নই। কংগ্রেস ওয়ার্কিং কমিটির উচিত, দ্রুত বৈঠক ডেকে নেতা নির্বাচন করা। আমি এই প্রক্রিয়ায় যুক্ত হতে চাই না। সেক্ষেত্রে জটিলতা বাড়বে।’ এর কয়েক ঘণ্টা পর পদত্যাগপত্রটি টুইটারে প্রকাশ করেন রাহুল। তবে নতুন সভাপতি নির্বাচনের আগ পর্যন্ত রাহুল গান্ধীই দলের প্রধান থাকছেন বলে জানিয়েছে কংগ্রেস। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, দলীয় প্রধানের পদ থেকে রাহুল গান্ধীর পদত্যাগের পর অন্তর্বর্তী সভাপতি নিয়োগের বিষয়টি নাকচ করে দিয়েছে কংগ্রেস। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সভাপতি নির্বাচনের আগ পর্যন্ত রাহুল গান্ধীই দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। কারণ কংগ্রেসের ওয়ার্কিং কমিটি এখনো তার পদত্যাগপত্র গ্রহণ করেনি।

এদিকে রাহুলের পদত্যাগের পর কে হচ্ছেন কংগ্রেসের সভাপতি? রাহুল দলকে বলেছেন, গান্ধী পরিবারের বাইরের কাউকে সভাপতি করতে। এরপরই ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, সুশীল কুমার সিন্ধে এবং মল্লিকার্জুন খারগের মধ্যে কেউ হতে পারেন কংগ্রেসের পরবর্তী সভাপতি। সুশীল কুমার সিন্ধে মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী। অন্যদিকে মল্লিকার্জুন খারগে গত লোকসভায় কংগ্রেস নেতা ছিলেন।

আরএসএসের মানহানির মামলায় হাজিরা দিয়েছেন রাহুল

মুম্বাইয়ের একটি আদালতে হাজিরা দিয়ে নিজেকে ‘নির্দোষ’ দাবি করেছেন রাহুল গান্ধী। সাংবাদিক গৌরী লঙ্কেশের হত্যার সঙ্গে ‘বিজেপি-আরএসএস আদর্শ’কে যুক্ত করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন এক আরএসএস কর্মী। গতকাল বৃহস্পতিবার এই মামলার শুনানিতে হাজিরা দেন তিনি। ১৫ হাজার টাকার বিনিময়ে তাঁর জামিন মঞ্জুর করে আদালত। শুনানির পরে রাহুল সাংবাদিকদের বলেন, ‘আমাকে আক্রমণ করা হয়েছিল এবং আমি লড়াইটা উপভোগ করেছি। এটা আদর্শের লড়াই। আমি দরিদ্র কৃষকদের পাশে আছি। লড়াই অব্যাহত রয়েছে।’