স্বাধীনতাবিরোধী পরিবারের কেউ আওয়ামী লীগের সদস্য হতে পারবে না :কাদের

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ২২:৩৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যুদ্ধাপরাধী, সাম্প্রদায়িক শক্তি ও স্বাধীনতাবিরোধী পরিবারের কেউ আওয়ামী লীগের সদস্য হতে পারবে না। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভা কক্ষে সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ)’ নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ শেষে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধাপরাধী পরিবার হলে আমরা সেখানে সদস্য সংগ্রহ করি না। সদস্য সংগ্রহ অভিযানের নীতিমালায় স্পষ্ট করে তা বলা আছে। এখানে আমরা আপস করতে পারি না।

বিএনপি-জামায়াতের ঘরের কেউ যদি আওয়ামী লীগে আসতে চায়, সেক্ষেত্রে আওয়ামী লীগের অবস্থান কী— জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আমাদের দলের যে আদর্শ, চিন্তা-ভাবনা, অন্য কোনো দল থেকে আসলে বিশেষ করে সাম্প্রদায়িকতার বিষয়টিকে আমরা বেশি গুরুত্ব দেই। কাজেই সাম্প্রদায়িকতার মধ্যে যারা আছে, তারা জামায়াত হোক বিএনপি হোক, আমরা একইভাবে দেখি। অনুষ্ঠানে বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযোগ আছে, গত দশ বছরে বিএনপি-জামায়াত থেকে অনেক অনুপ্রবেশ আওয়ামী লীগে ঘটেছে। তাদের বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, গতবার আমরা তাদের সদস্যপদ নবায়ন করিনি। গত বছর যাদের নবায়ন করেছি, সেই তালিকায় কোনো স্বাধীনতাবিরোধী বা সাম্প্রদায়িক শক্তির অনুপ্রবেশ হয়নি।

বরগুনায় প্রকাশ্য রাস্তায় শাহনেওয়াজ রিফাত শরীফকে কুপিয়ে হত্যার সন্দেহভাজনরা রাজনৈতিক ছত্রছায়ায় বেড়ে উঠার অভিযোগ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, দলের পক্ষ থেকে কোনো নমনীয়তা ও শৈথিল্য প্রদর্শনের সুযোগ নেই, আমাদের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে অত্যন্ত কঠোর। বরগুনায় যদি দলীয় কারো সংশ্লিষ্টতা প্রমাণিত হয়, অবশ্যই তাকে বিচারের আওতায় আনা হবে।

গ্রামীণ ও চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য প্রকল্প এলে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে আলাপ করে তা বাস্তবায়নের আশ্বাস দেন ওবায়দুল কাদের।

পদ্মাসেতুর সবশেষ অবস্থা নিয়ে এক প্রশ্নে সেতুমন্ত্রী বলেন, টার্গেট ঠিক রাখা যায় না, পদ্মানদী খুব বেশি আনপ্রেডিকটেবল। এমনকি পদ্মা নদীর সয়েল কন্ডিশনও প্রেডিকটেবল না। সে কারণে আমরা শুরুতে বারবার বিপত্তির সম্মুখীন হচ্ছিলাম। তবে এ সংকট এখন আর নেই। এখন আমাদের কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। পদ্মাসেতু নিয়ে এখন আর কোনো অনিশ্চয়তা নেই। হয়তো মাঝে মধ্যে ওয়েদারের কারণে সমস্যা হয়ে যায়, সময় ঠিক রাখা যায় না। কিন্তু কাজটিতে আগের চেয়ে গতি পেয়েছে অনেক বেশি। কারণ স্প্যান ঘন ঘন বসছে এটা একটা আশার বিষয়।