তিন ডিপার্টমেন্টে দলকে সাপোর্ট দিতে চান তানজিম সাকিব

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১৩:০৭

ঘরের মাটিতে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের কাছে ৩ উইকেট হারে টাইগাররা। ফলে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচটি দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল হিসেবে। সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৩ রানে ৩ উইকেট হারানোর পর লঙ্কানদের হয়ে উইকেটে দেওয়াল হয়ে দাঁড়ান পাথুন নিশাঙ্কা ও চারিথ আসালঙ্কা। এ দুই ব্যাটার জুটি গড়ে করে ১৮৫ রান। এ দুই ব্যাটারের জুটি ভাঙতে না পারার কারণে ম্যাচটি হেরেছে বাংলাদেশ-এমনটাই মনে করেন তরুণ টাইগার পেসার তানজিম হাসান সাকিব।

গতকাল বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই ভিডিওতে বাংলাদেশ দলের তরুণ পেসার তানজিম হাসান সাকিব লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে পিচ নিয়ে বলেন, 'কালকের (শুক্রবারের) উইকেট তুলনামূলক ভালো ছিল। শেষের দিকে কিছুটা কুয়াশা পড়েছিল, যার কারণে বল সহজভাবেই ব্যাট যাচ্ছিল। তারপর নিশাঙ্কা ও আসালাঙ্কার জুটি ম্যাচটা কঠিন করে দিয়েছে। তখন একটা ব্রেকথ্রু আসা করছিলাম, যা আমরা করতে পারিনি।'

এছাড়া সিরিজে প্রথম ওয়ানডে বাংলাদেশ দলের বোলিং ইউনিট নিয়ে তানজিম হাসান সাকিব বলেন, 'প্রথম ওয়ানডেতে আমরা আলহামদুলিল্লাহ, আমাদের বোলাররা অনেক ভালো বোলিং করেছে এবং দ্বিতীয় ওয়ানডেও বোলাদের অংশীদারিত্ব ভালো ছিল। তাসকিন ভাই, শরিফুল ভাই, মেহেদী ভাই-সবাই অনেক ভালো চেষ্টা করছে। আমাদের বোর্ডে যেই রানটা ছিল, সেটা আমরা আটকানোর চেষ্টা করেছি। আমি মনে করি বোলাররা অনেক ভালো কাজ করছে।'

এছাড়া বোলিংয়ের পাশাপাশি দ্বিতীয় ম্যাচে ব্যাটিং করারও সুযোগ পেয়েছিলেন সাকিব। তাওহিদ হৃদয়ের সঙ্গে জুটি গড়ে ৩৩ বলে ১৮ রান করেছিলেন তিনি। নিজের সেই ইনিংস নিয়ে এই ক্রিকেটার বলেন, 'আমি

যখন ব্যাটিংয়ে নেমেছি, তখন আমার চেষ্টা ছিল হৃদয় ভাইকে সাপোর্ট দিব এবং শেষের দিকে আমি একটু হাত খুলে খেলব। আমি হৃদয় ভাইকে ভালো সাপোর্ট দিচ্ছিলাম। তবে আমি যেই শর্টে আউট হয়েছি, সেটা নিয়ে আমি সন্তুষ্ট না। আমার কাছে মনে হয়েছে আমি আরও দুই ওভার হৃদয় ভাইকে সাপোর্ট দেওয়ার পর শেষ দুই ওভার হাত খুলে খেলতে পারতাম, তাহলে আমরা হয়তো আরো বেশি রান করতে পারতাম।'

জাতীয় দলকে নিয়ে নিজের স্বপ্নের বিষয়ে এই তরুণ পেসার বলেন, 'মানুষ তো স্বপ্ন দেখে। আমি যখন আমার টিমের হয়ে খেলি: আমি তখন চেষ্টা করি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-তিন ডিপার্টমেন্টে দলকে সাপোর্ট দিতে।'

আগামীকাল সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। এই ম্যাচ শুরু হবে সকাল ১০টায়। সিরিজ নির্ধারণী ম্যাচ নিয়ে এই ক্রিকেটার বলেন, 'দিনের ম্যাচে আমি মনে করি বোলাররা তাদের শতভাগ দিতে পারবে, যা দুই দলের জন্যই সমানভাবে কাজে লাগবে। আমি মনে করি, বোলাররা যদি সঠিক জায়গায় বল ফেলতে পারে, তাহলে উইকেট ও কন্ডিশন থেকে বোলাররা সহায়তা পাবে।'

ইত্তেফাক/জেডএইচ