হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উত্সব ঐতিহ্যবাহী রথযাত্রা গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। রথযাত্রা উপলক্ষ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রথটান, রথের মেলা, ধর্মীয় আলোচনা সভা, প্রার্থনা, পদাবলি কীর্তন, ভাগবতকথা, প্রসাদ বিতরণসহ ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। রথযাত্রা ঘিরে সর্বত্র উত্সবমুখর পরিবেশের সূচনা হয়। ১২ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে উত্সব শেষ হবে।
আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) ঢাকার উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা উত্সব উপলক্ষে নয় দিনব্যাপী অনুষ্ঠানমালা গতকাল শুরু হয়। স্বামীবাগের ইসকন মন্দির প্রাঙ্গণে সকাল ৮টা থেকে শুরু হয় রথযাত্রার আচার-অনুষ্ঠান। বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ ও আলোচনা সভা শেষে বিকাল সোয়া ৩টায় তিনটি সুবিশাল রথে জগন্নাথ দেব ও বলরামের প্রতিকৃতিসহ রথ শোভাযাত্রা বের হয়। এটি রাজধানী সুপার মার্কেট, টিকাটুলী, পুরানা পল্টন, জাতীয় প্রেসক্লাব, টিএসসি মোড়, জগন্নাথ হল ও পলাশী হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয়। ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির পক্ষে রথকে বরণ করে নেওয়া হয়। সেখানে হরিনাম সংকীর্তন, শ্রীচৈতন্যচরিতামৃত পাঠ, সন্ধ্যায় আরতি কীর্তন ও রাতে পদাবলি কীর্তনের আয়োজন করা হয়। ১২ জুলাই ঢাকেশ্বরী মন্দির থেকে স্বামীবাগ ইসকন মন্দির পর্যন্ত উল্টো রথযাত্রা এবং শোভাযাত্রার মধ্য দিয়ে উত্সব শেষ হবে।
এর আগে ইসকন মন্দির প্রাঙ্গণে রথযাত্রার উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। যশোদা আচার্য্যের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। আরও বক্তব্য রাখেন কাজী ফিরোজ রশিদ এমপি, মুকুল বোস, নির্মল কুমার চ্যাটার্জী প্রমুখ।
সাধন চন্দ্র মজুমদার বলেন, বাংলাদেশ সামপ্র্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সামপ্রদায়িক মৌলবাদী শক্তি যেন কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সাঈদ খোকন বলেন, তাঁর দায়িত্বকালে সংখ্যালঘু সম্প্রদায়ের সব ধরনের উত্সবে সর্বাত্মক সহযোগিতা দেবেন তিনি।
চট্টগ্রামে রথযাত্রা উদ্যাপন
চট্টগ্রাম অফিস জানায়, ব্যাপক উত্সাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রামে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উত্সব উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে দিনব্যাপী আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল মঙ্গলারতি, গুরুপূজা, ভাগবত পাঠ, ১০টি অগ্নিহোত্র বৈদিক যজ্ঞ, শোভাযাত্রা। বিকালে ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উত্সবে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। শ্রী জগন্নাথের সন্তুষ্টি বিধানার্থে বিষ্ণুযজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমত্ ভক্তি নিত্যানন্দ স্বামী মহারাজ। বিকালে প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তীর সভাপতিত্বে ‘জগন্নাথ দেবের রথযাত্রার তাত্পর্য’ শীর্ষক অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন শ্রীমত্ ভক্তি আশ্রয় বৈষ্ণব স্বামী মহারাজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার মাহাবুবর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম, উপপুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক প্রমুখ।
ধামরাইয়ের ঐতিহ্যবাহী রথযাত্রা
ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, গতকাল ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধবের রথযাত্রা ও মাসব্যাপী রথমেলা ধামরাইয়ে শুরু হয়েছে। শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল (অব) জীবন কানাই দাসের সভাপতিত্বে পায়রা উড়িয়ে ও মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে প্রতীকী রশি টেনে রথযাত্রা উদ্বোধন করেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ, সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা এম এ মালেক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহদ্দেস হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ উত্তর) সাইদুর রহমান, পৌর মেয়র আলহাজ গোলাম কবির, উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম প্রমুখ।
