মিয়ানমার সীমান্ত দিয়ে পাচারের সময় ইয়াবাসহ গ্রেপ্তার ৩  

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১৯:৫৭

মিয়ানমার থেকে নাফ নদী পার করে কক্সবাজারের টেকনাফ সীমান্তে ইয়াবার একটি চালান নিয়ে আসার সময় ৩ জন পাচারকারীকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। এ সময় তাদের হেফাজত থেকে ৩৩ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন—টেকনাফ শাহপরীর দ্বীপের বাসিন্দা কামাল হোসেন (১৭), মাজেদ হোসেন (২৩) ও মোস্তফা কামাল (১৬)।

রোববার (১৭ মার্চ) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী কোস্ট গার্ড সদস্যরা টেকনাফের নাফ নদীর মোহনা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে শাহপরীর দ্বীপের গোলাপাড়া ঝাউবন এলাকায় সন্দেহজনক একটি বোট আটক করা হয়। পরবর্তীতে বোটটি তল্লাশি চালিয়ে ৩৩ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল ফোন ও ১টি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ কামাল হোসেন (১৭), মাজেদ হোসেন (২৩) ও মোস্তফা কামালকে (১৬) গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, জব্দ করা ইয়াবাসহ গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

ইত্তেফাক/ডিডি