জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে একটি ব্যতিক্রমী আয়োজন করা হয়।
রোববার (১৭ মার্চ) সকালে মেডিকেল কলেজের ছাত্র শিক্ষকের র্যালি হাসপাতাল ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
এরপর হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তীর নেতৃত্বে হাসপাতালে ভর্তি থাকা প্রায় শতাধিক শিশুর কাছে খেলনা, রংতুলিসহ বিভিন্ন উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়। বহির্বিভাগে আগত শিশুদেরও এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
পাশাপাশি শিশুদের বাবা-মাকে রমজান উপলক্ষে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
শিশুদের মেধা বিকাশে ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের পাশাপাশি শিশুদের মানসিক বিকাশে এ ধরনের অনুষ্ঠান পাথেয় থাকবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ মনে করে।
উল্লেখ্য, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল একটি বেসরকারি হাসপাতাল হলেও সামাজিক দায়বদ্ধতা এই হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য। বিশেষ দিবসগুলোতে সম্মাননা অনুষ্ঠান, বৃত্তি প্রদান অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্পসহ ব্যাপকভাবে বিভিন্ন কর্মকান্ডের আয়োজন করে থাকে এই হাসপাতাল।
